![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসায় আগামী এক দশকে বড় পরিবর্তনের আশা করছেন প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা। কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতিতে এসব রোগ অতীত হয়ে যেতে পারে বলে মনে করছেন তাঁরা। তবে এমন পূর্বাভাসের বাস্তবতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন চিকিৎসাবিশেষজ্ঞ ও গবেষকেরা।
জনপ্রিয় এআই মডেল ‘ক্লড’-এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী ডারিও আমোদেই এমন আশাবাদ জানিয়েছেন। তাঁর মতে, আগামী ১০ বছরের মধ্যে ক্যানসার, আলঝেইমার্স, হৃদরোগ ও মানসিক রোগের মতো জটিল ব্যাধি ইতিহাস হয়ে যেতে পারে।
আমোদেই মনে করেন, যথাযথ পদক্ষেপ নেওয়া হলে এআই জীববিজ্ঞান গবেষণার গতি বাড়াবে। একই সঙ্গে ওষুধ আবিষ্কারের প্রক্রিয়াও বহুগুণ দ্রুত করা সম্ভব হবে। এতে দীর্ঘদিনের অমীমাংসিত স্বাস্থ্যসমস্যার সমাধানের পথ তৈরি হতে পারে।
প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এবং গুগলের এআই প্রধান ডেমিস হাসাবিসও এ সম্ভাবনা নিয়ে আশাবাদী। হাসাবিসের মতে, এআইয়ের সহায়তায় ওষুধ আবিষ্কারের কাজ কয়েক সপ্তাহে সম্পন্ন করা সম্ভব। আগে একই প্রক্রিয়ায় কয়েক বছর সময় লাগত।
ইতোমধ্যে গুগলের ‘আলফাফোল্ড’ মডেল কোটি কোটি প্রোটিনের গঠন উন্মোচন করেছে। এর মাধ্যমে জীববিজ্ঞান গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে ইলন মাস্ক আশা করছেন, এআইয়ের সহায়তায় সাধারণ মানুষও উন্নত চিকিৎসা পাবেন। তাঁর প্রত্যাশা, চিকিৎসাসেবার মান হবে মার্কিন প্রেসিডেন্টের সমপর্যায়ের।
তবে প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের এসব পূর্বাভাসের সঙ্গে একমত নন অনেক গবেষক। চিকিৎসাবিশেষজ্ঞ ও ওষুধশিল্পের নীতিনির্ধারকেরাও এ বিষয়ে সংশয় প্রকাশ করেছেন।
ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ভার্টেক্স ফারমাসিউটিক্যালস’-এর নির্বাহী চেয়ারম্যান জেফ লাইডেন এসব দাবিকে বাস্তবতাবিবর্জিত বলেছেন। তিনি জানান, প্রায় ১০ হাজার কেমিক্যাল কম্পাউন্ড বিশ্লেষণে ৫০টি এআই প্রতিষ্ঠানের সেবা নিয়েছিল তাঁদের প্রতিষ্ঠান। কিন্তু শেষ পর্যন্ত এআই নিজে থেকে কার্যকর কোনো ওষুধ তৈরি করতে পারেনি।
বিশেষজ্ঞদের মতে, কম্পিউটারে সম্ভাব্য ওষুধের অণু শনাক্ত করলেই রোগ নিরাময় সম্ভব হয় না। এরপর পরীক্ষাগারে ওষুধের কার্যকারিতা যাচাই করতে হয়। প্রাণী ও মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালও সম্পন্ন করতে হয়। পাশাপাশি আইনি ও প্রশাসনিক অনুমোদনের দীর্ঘ প্রক্রিয়া রয়েছে। এসব ধাপ শেষ করতে সাধারণত ১০ থেকে ১২ বছর সময় প্রয়োজন হয়।
চিকিৎসাবিশেষজ্ঞ এরিক টোপোল এবং প্রযুক্তি গবেষক গ্যারি মার্কাসও সতর্ক করেছেন। তাঁদের মতে, মানবদেহের জটিল জৈবিক কার্যক্রম বোঝার মতো সক্ষমতা বর্তমান এআই মডেলগুলোর নেই। ২০২৬ সাল পর্যন্ত এআই দিয়ে উদ্ভাবিত কোনো নতুন ওষুধ আনুষ্ঠানিকভাবে বাজারেও আসেনি।
তাই অবাস্তব সময়সীমা নির্ধারণ করে মানুষের মধ্যে অযৌক্তিক প্রত্যাশা তৈরি না করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।