![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
বাড়ির অভাব, লাগামহীন বাড়িভাড়া আর ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়—সব মিলিয়ে আবাসন সংকট নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্পেনে। এর প্রতিবাদে দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছেন প্রায় ৪০ লাখ মানুষ। বুধবার (১১ নভেম্বর) ‘চার্লস’ ও ‘ব্রুনা’ নামের দুটি শক্তিশালী ঝড়ের প্রতিকূল আবহাওয়াও থামাতে পারেনি আন্দোলনকারীদের। দেশটির মোট শ্রমশক্তির প্রায় এক-পঞ্চমাংশ এই কর্মসূচিতে অংশ নেয়। দীর্ঘ ১৪ বছর পর স্পেনে এত বড় পরিসরে সাধারণ ধর্মঘট অনুষ্ঠিত হলো।
আগাম সাধারণ নির্বাচনের তিন সপ্তাহেরও কম সময় আগে দেশটির সবচেয়ে বড় দুটি শ্রমিক সংগঠন জেনারেল ইউনিয়ন অব ওয়ার্কার্স (ইউজিটি) এবং ওয়ার্কার্স কমিশন (সিসিও) এই কর্মসূচির ডাক দেয়। ১০ লাখের বেশি শ্রমিকের প্রতিনিধিত্বকারী সংগঠন দুটির সঙ্গে আন্দোলনে সংহতি প্রকাশ করে ভাড়াটিয়া সংগঠনগুলোও। বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের ঘটনায় ক্ষুব্ধ এসব সংগঠন ধর্মঘটে পূর্ণ সমর্থন জানায়।
শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, দিনের বেলায় কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যার পর রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনার কয়েকটি এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বার্সেলোনায় মূল মিছিল শেষ হওয়ার পর রাস্তায় আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। অন্যদিকে মাদ্রিদের কেন্দ্রস্থল প্লাজা দে এস্পানিয়ায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ফোম বুলেট, কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে দাঙ্গা পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ধর্মঘট ঘিরে সারা দেশে অফিস ও শিল্পাঞ্চলে অবরোধ এবং আবর্জনার কন্টেইনারে আগুন দেওয়াসহ অন্তত ১ হাজার ৪৪টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৭৩ জনকে। তবে পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ তুলেছে শ্রমিক সংগঠনগুলো। তাদের দাবি, টিয়ার গ্যাস ও লাঠিচার্জের ঘটনায় অন্তত ২০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। এ নিয়ে ফৌজদারি অভিযোগ দায়েরের ঘোষণা দিয়েছে ইউনিয়নগুলো।
নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় মাদ্রিদের প্রধান কেনাকাটার এলাকা গ্রান ভিয়ায় কঠোর অবস্থানে ছিল দাঙ্গা পুলিশ। পরিস্থিতি বিবেচনায় প্রাইমার্ক, এইচ অ্যান্ড এম এবং পুল অ্যান্ড বিয়ারের মতো বড় ব্র্যান্ড তাদের দোকান বন্ধ রাখে। একইভাবে বার্সেলোনার বেশ কিছু দোকানের সামনেও নিরাপত্তার জন্য কাঠের তক্তা দিয়ে প্রতিবন্ধক তৈরি করতে দেখা যায়।
ধর্মঘটকে সফল বলে দাবি করেছে ট্রেড ইউনিয়নগুলো। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে আবাসন সংকট বেশি হওয়ায় সেখানে কর্মসূচির প্রতি সমর্থন ছিল উল্লেখযোগ্য। তবে ঝড়ো আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের বন্দরনগরী ক্যাডিজসহ কয়েকটি শহরে বিকেলের প্রতিবাদ মিছিল বাতিল করতে বাধ্য হন আয়োজকেরা।
স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বর্তমানে দেশটিতে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। ২০২৮ সাল নাগাদ এই ঘাটতি ১০ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাড়ি কেনার সামর্থ্য না থাকায় ভাড়া বাসার ওপর চাপ ক্রমেই বাড়ছে। দেশটির ইউথ কাউন্সিলের হিসাব অনুযায়ী, স্পেনে গড় বাড়িভাড়া ১ হাজার ১৭৬ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬৩ হাজার ৬২২ টাকা। এই ভাড়া একজন তরুণ কর্মজীবীর গড় মাসিক বেতনের প্রায় ৯৮ দশমিক ৭ শতাংশ।মাদ্রিদের একটি হাসপাতালে আইটি কর্মী হিসেবে কাজ করেন ৩৬ বছর বয়সী জেসাস গঞ্জালেস। নিজের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ৩৬ বছর বয়সেও আলাদা বাসা নিয়ে থাকতে পারছেন না তিনি। বাড়ির দাম ও ভাড়া যেভাবে বাড়ছে, তাতে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে।তবে এই ধর্মঘটের বিরোধিতা করেছেন স্পেনের প্রধান ব্যবসায়িক সংগঠন সিইওইর ভাইস প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা দে মিগুয়েল। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে তিনি বলেন, আবাসন সংকটের কারণে ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও কর্মী নিয়োগে সমস্যায় পড়ছে। তাঁর মতে, ধর্মঘট পরিস্থিতির উন্নতি না করে উল্টো নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সংকট মোকাবিলায় আরও বেশি বাড়ি নির্মাণ এবং নির্মাণকাজ ও বাড়ি কেনার ওপর কর কমানোই হবে কার্যকর সমাধান
পাঠকের মন্তব্য