![]()
ইবি রিপোর্ট
লক্ষ্মীপুরের রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা দুধের কৌটা থেকে উদ্ধার হওয়া ১১টি শক্তিশালী আইইডি বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল। নিষ্ক্রিয় করা বোমাগুলোর মধ্যে ছয়টি বড় এবং পাঁচটি ছোট আকারের ছিল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামে বিল্লাল বেপারীর খেয়াঘাটের উত্তর পাশে একটি খালি ফসলি জমিতে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজারে ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক ছড়ানো হয়। এরপর সাইফুল ইসলাম সুজন নামে এক যুবক বিএনপি নেতা ওবায়দুল্লাহসহ তিনজনকে ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরদিন একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সুজনের বাড়ি ভোলা সদর উপজেলায়। যে বাড়ির উঠান থেকে বোমাগুলো উদ্ধার করা হয়েছে, সেখানে তিনি ভাড়া থাকতেন। গত সোমবার (৯ নভেম্বর) তার থাকার ঘর থেকে বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। সুজনের বিরুদ্ধে করা মামলায় আরও সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী এবং তার ছেলে উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব শামীম গাজীও রয়েছেন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের ভাড়া দেওয়া একটি বাড়ির উঠানে মাটির নিচে খোঁড়া গর্ত থেকে বোমাভর্তি দুটি দুধের কৌটা উদ্ধার করা হয়। এরপর সেগুলো পুলিশি পাহারায় রাখা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী বিষয়টি ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলকে জানানো হয়।
বুধবার (১১ নভেম্বর) রাতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে তারা কৌটাগুলোর ভেতরে একাধিক শক্তিশালী আইইডি বোমা থাকার বিষয়টি নিশ্চিত করেন। এর পরদিন বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে বোমাগুলো নিষ্ক্রিয় করে।
স্থানীয় সূত্রের ভাষ্য, প্রায় দুই মাস ধরে সুজনসহ কয়েকজন যুবক ওই বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির চারপাশে বাঁশ ও সুপারির পাতা দিয়ে ঘন বেষ্টনী তৈরি করেছিলেন তারা। বাইরের কেউ যাতে বাড়ির আশপাশে যেতে না পারে, সে ব্যবস্থাও রাখা হয়েছিল। প্রতিবেশীদের সঙ্গে তাদের তেমন যোগাযোগ বা মেলামেশা ছিল না। ফলে স্থানীয় বাসিন্দারা তাদের সম্পর্কে তেমন কিছু জানতেন না।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূইয়া বলেন, সুজন নামে এক যুবক তিনজনকে ছুরিকাঘাত করার ঘটনায় আটক হন এবং পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার ভাড়া বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং একই বাড়ির উঠানের মাটি খুঁড়ে ১১টি বোমাভর্তি দুটি টিনের কৌটা উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, উদ্ধার করা বোমাগুলো ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল নিষ্ক্রিয় করেছে। বিশেষজ্ঞ দল নিশ্চিত করেছে, সেগুলো শক্তিশালী আইইডি বোমা ছিল।
পাঠকের মন্তব্য