![]()
ইবি স্পোর্টস ডেস্ক
নিরাপত্তা উদ্বেগে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র, কাতারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ সতর্কতার কারণে আসন্ন ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিচ্ছে না দেশটির জাতীয় দল। টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক দিন আগে প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন।
বুধবার (১১ নভেম্বর) খেলোয়াড়দের পাঠানো একটি চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সতর্কতা বিবেচনায় নিয়ে প্রাক্-টুর্নামেন্ট অনুশীলন ক্যাম্প ও মূল প্রতিযোগিতা—দুটিই বাতিল করা হয়েছে।
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হওয়ার কথা ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। প্রতিযোগিতার ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের সঙ্গে ছিল মন্টেনিগ্রো, আলজেরিয়া ও চিলি। তবে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে পুরো টুর্নামেন্ট থেকেই নিজেদের সরিয়ে নিয়েছে দলটি।
খেলোয়াড়দের পাঠানো চিঠিতে কাতারের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতার বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য জারি করা বিশেষ নির্দেশনার কথাও উল্লেখ করা হয়।
চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের খেলোয়াড় ও কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষাই সব সময় আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।’
যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন জানিয়েছে, সিদ্ধান্তটি সম্পর্কে খেলোয়াড়দের ক্লাবগুলোকে আগের দিনই অবহিত করা হয়েছে। তবে ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত খেলোয়াড়দের এ বিষয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত মাসে কাতার ভ্রমণের বিষয়ে সতর্কবার্তা হালনাগাদ করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। সশস্ত্র সংঘাতের আশঙ্কার কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়।
ওই সতর্কবার্তায় সৌদি আরবের বিভিন্ন বেসামরিক বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার বিষয়টিও তুলে ধরা হয়েছিল।
সূচি অনুযায়ী, ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ৪৮ দলের এই বিশ্বকাপ। ২১ নভেম্বর মন্টেনিগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করার কথা ছিল যুক্তরাষ্ট্রের। এরপর গ্রুপ পর্বে চিলি ও আলজেরিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল তাদের।
উল্লেখ্য, গত বছরও কাতারে আয়োজিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র। সেবার গ্রুপ পর্ব পেরিয়ে শেষ বত্রিশে জায়গা করে নেয় দলটি। এদিকে ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর কাতারেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার।
পাঠকের মন্তব্য