![]()
ইবি রিপোর্ট
আসন্ন রমজানে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানি, তিন দেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব বিষয়সহ মোট পাঁচটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির চলতি বছরের ৩৭তম সভা হয়। সেখানে এসব সুপারিশ করা হয়। সভায় পাঁচটি প্রস্তাব ওঠে। এর তিনটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের, বাকি দুটি বাণিজ্য মন্ত্রণালয় ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এলএনজি কেনার তিনটি প্রস্তাবে নীতিগত সুপারিশ করা হয়েছে। প্রস্তাবগুলো এসেছে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড (জেরাগম), সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং লিমিটেড এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড/উজি জেমস বিহাইভ থেকে। সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এ এলএনজি কেনার সুপারিশ হয়েছে।
এর পাশাপাশি জেরাগমের সঙ্গে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ) এবং টার্ম শিটের চূড়ান্ত খসড়ায় স্বাক্ষরের প্রস্তাবও রয়েছে।
রমজানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভোক্তাদের মধ্যে বিতরণের লক্ষ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির প্রস্তাবে নীতিগত সুপারিশ দেওয়া হয়েছে। জরুরি জাতীয় প্রয়োজন বিবেচনায় সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ১০২(১)(ক) বিধি অনুযায়ী খেজুরের দরপত্র প্রস্তুত ও জমার নির্ধারিত সময় কমানোর প্রস্তাবেও অনুমোদনের সুপারিশ করেছে কমিটি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের প্রস্তাবেও নীতিগত সুপারিশ করা হয়েছে। ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় এটি বাস্তবায়নের পরিকল্পনা আছে।