![]()
ইবি রিপোর্ট
দেশের জ্বালানি চাহিদা পূরণে চারটি বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবগুলোতে অনুমোদন দিয়েছে। একই সভায় ২০২৭ সালের রমজানের জন্য ৬ হাজার ২০০ টন খেজুর কেনার দরপত্রের সময়সীমা কমানো এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক কভারেজ স্থাপনের প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সভায় পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেডের (জেরাজিএম) কাছ থেকে সরাসরি এলএনজি কেনার নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়।
এ প্রস্তাবের মধ্যে পেট্রোবাংলা ও জেরাজিএমের মধ্যে স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তির (এসপিএ) চূড়ান্ত কাঠামো এবং টার্ম শিটে স্বাক্ষরের বিষয়টিও রয়েছে।
একই আইন ও বিধিমালার আওতায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান এডিএনওসি ট্রেডিং লিমিটেডের কাছ থেকেও সরাসরি এলএনজি কেনার নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড এবং উজ্জি জেমস বীহাইভের কাছ থেকেও সরাসরি এলএনজি কেনার সুপারিশ করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এলএনজি কেনাসংক্রান্ত এসব প্রস্তাব সভায় উপস্থাপন করে।
সভায় নেওয়া আরেক সিদ্ধান্তে ২০২৭ সালের পবিত্র রমজান মাসের জন্য ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর কেনার দরপত্র জমা দেওয়ার সময় কমানোর প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব খেজুর কেনার পরিকল্পনা রয়েছে।
রাষ্ট্রের জরুরি প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর ১০২(১)(ক) বিধি অনুসারে বাণিজ্য মন্ত্রণালয় এ প্রস্তাব উপস্থাপন করে। প্রস্তাবটিতে দরপত্র প্রণয়ন ও জমা দেওয়ার জন্য নির্ধারিত সময় কমানোর কথা বলা হয়েছে।
এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক কভারেজ স্থাপনের প্রস্তাবেও নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। এ কাজের জন্য ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের প্রস্তাব করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনসংক্রান্ত প্রস্তাবটি সভায় উপস্থাপন করে।
পাঠকের মন্তব্য