![]()
ইবি বিনোদন ডেস্ক
একজন ভারতীয় সংগীতজগতের জনপ্রিয় তারকা, অন্যজন হাজার কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তরাধিকারী। তাঁদের প্রেমের গুঞ্জন চলছিল দীর্ঘদিন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করলেন জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারান।
গত ১১ নভেম্বর গ্রিসে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাঁদের। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রথম ছবি প্রকাশ করেন অনিরুদ্ধ। ক্যাপশনে লেখেন, ‘আমার জীবনে একবারই আসা, আর সারা জীবনের জন্য।’
তবে এই বিয়ের খবরের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে কাব্য মারানের পারিবারিক সম্পদ। হুরুন রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, তাঁর বাবা ও ভারতের ব্যবসায়ী কালানিথি মারানের সম্পদের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকা। ফলে কাব্যকে এই বিশাল সম্পদের উত্তরাধিকারী হিসেবে দেখা হচ্ছে।
কাব্য শুধু ব্যবসায়ী পরিবারের সন্তানই নন, নিজেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এবং আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা। খেলার সময় গ্যালারিতে তাঁর উপস্থিতি এবং দলের প্রতি আবেগের কারণে ক্রিকেটপ্রেমীদের কাছেও বেশ পরিচিত তিনি।
অন্যদিকে অনিরুদ্ধর পরিচিতি সংগীতজগতে। ২০১২ সালে ধানুশ অভিনীত ‘থ্রি’ সিনেমার ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। এরপর রজনীকান্ত, বিজয় ও অজিতের মতো তারকাদের সিনেমায় সংগীত পরিচালনা করেছেন। ২০২৩ সালে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডেও নিজের অবস্থান তৈরি করেন।
অনিরুদ্ধ ও কাব্যর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন ছিল। ২০২৫ সালে বিয়ের খবরকে মজা করে উড়িয়ে দিয়েছিলেন অনিরুদ্ধ। তবে ২০২৬ সালে তাঁর চাচা অভিনেতা ওয়াই জি মহেন্দ্র বিয়ের প্রস্তুতির কথা জানান। পরে অক্টোবর মাসে কাব্যর পরিবারের পক্ষ থেকে চেন্নাইয়ে বিবাহোত্তর সংবর্ধনার আমন্ত্রণের খবর প্রকাশ্যে আসে।
গ্রিসে বিয়ের পর আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে চলচ্চিত্র, রাজনীতি, ব্যবসা ও ক্রিকেট অঙ্গনের পরিচিত ব্যক্তিদের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
সংগীতের তারকা আর বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তরাধিকারী—অনিরুদ্ধ ও কাব্যর এই নতুন পথচলা এখন ভারতের বিনোদনজগতের আলোচিত বিষয়।
পাঠকের মন্তব্য