![]()
ইবি রিপোর্ট
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষাকে একই ধারায় এগিয়ে নিতে এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্য বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সবুজ শিল্পায়ন, বন সম্প্রসারণ, নদী-খাল পুনঃখনন এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে ন্যায্যতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি সরকারের এই পরিকল্পনা ও অবস্থানের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে দেখছে। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখাও প্রয়োজন। এ লক্ষ্যেই সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর একটি হলেও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে দেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এ উৎস থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো নির্গমন অর্জনের উদ্যোগের অংশ হিসেবে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।
সবুজ শিল্পায়নের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা সম্প্রসারণ, বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধি এবং পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসারেও কাজ চলছে। একই সঙ্গে কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে সরকার। এ ছাড়া পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের কাজ চলছে। এসব উদ্যোগের মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর লক্ষ্য রয়েছে।
উপকূলীয় এলাকায় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, এ উদ্যোগ উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে তারেক রহমান বলেন, বিদ্যমান অর্থায়ন উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার পূরণে যথেষ্ট নয়। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান বোঝা এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তিনি বলেন, ‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর আরও ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন। তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।’
জলবায়ু মোকাবিলায় ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ এবং নির্গমন হ্রাসের প্রচেষ্টায় সহায়তা নিশ্চিত করা।
এ ছাড়া জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য জরুরি ঋণ ও ত্রাণ সুবিধা চালু, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার, প্রযুক্তি হস্তান্তর এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের আহ্বান জানান তিনি।
ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করতে কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী।
জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান তৈরির ওপর জোর দেন তিনি। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
কপ-৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। বিশেষ করে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য কার্যকর সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশা জানান তিনি।
বিশ্বনেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি, বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’
পাঠকের মন্তব্য