![]()
আহমেদ তোফায়েল
বিশ্ব রাজনীতিতে বন্ধুত্বের পেছনে থাকে স্বার্থের হিসাব। বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্কও এখন সেই বাস্তবতার নতুন অধ্যায়ে প্রবেশ করছে। একসময় রাজনৈতিক মতপার্থক্যে দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। সেই সম্পর্ক এখন বাণিজ্য, বিনিয়োগ, অস্ত্রশিল্প ও ভূরাজনীতির নতুন সমীকরণে ঘনিষ্ঠ হচ্ছে। মাত্র দুই মাসের ব্যবধানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দুটি বৈঠক সেই পরিবর্তনকে সামনে এনেছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশকে ঘিরে আঙ্কারার এত আগ্রহ কেন? আর তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা থেকে বাংলাদেশ কতটা লাভবান হতে পারবে?
গত ১০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় দুই নেতার বৈঠকে এসব বিষয়ই আলোচনায় এসেছে। এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাঁদের প্রথম সাক্ষাৎ হয়েছিল। পরপর দুটি বৈঠককে কেবল আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ হিসেবে দেখার সুযোগ নেই। বরং এর মধ্য দিয়ে দুই দেশ সম্পর্ককে দীর্ঘমেয়াদি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার যে আগ্রহ দেখাচ্ছে, সেটিই বেশি তাৎপর্যপূর্ণ।
দূরত্ব পেরিয়ে ঘনিষ্ঠতার পথে
বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক সব সময় মসৃণ ছিল না। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক নেতার মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছিল তুরস্কের তৎকালীন সরকার। ২০১৬ সালে দেশটি বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়।
তবে কূটনৈতিক দূরত্ব দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৬ সালের জুলাইয়ে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি বাংলাদেশের সমর্থন এবং ২০১৭ সালে রোহিঙ্গা সংকটের সময় তুরস্কের সক্রিয় ভূমিকা সম্পর্ক উন্নয়নে নতুন সুযোগ তৈরি করে।
বিশেষ করে ২০১৭ সালের আগস্টে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের ব্যাপক অনুপ্রবেশের পর তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের বাংলাদেশ সফর ছিল তাৎপর্যপূর্ণ। তিনি কক্সবাজারের শরণার্থীশিবির পরিদর্শন করেন। পরে তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমও বাংলাদেশ সফর করেন। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক পর্যায়ে সংকটটি নিয়ে তুরস্কের তৎপরতা দুই দেশের মধ্যে আস্থার পরিবেশ তৈরিতে সহায়তা করে।
এই অভিজ্ঞতা থেকে একটি বিষয় বোঝা যায়, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক স্বার্থের জায়গাগুলো কাজে লাগিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব। পরবর্তী সময়ে সেই সম্পর্ক ব্যবসা-বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় বিস্তৃত হয়েছে।
অর্থনীতির হিসাবেই বাংলাদেশের গুরুত্ব
তুরস্কের কাছে বাংলাদেশের গুরুত্বের একটি বড় কারণ এর বিশাল বাজার ও উৎপাদন সক্ষমতা। বিপুল জনসংখ্যা, তৈরি পোশাকশিল্প, শ্রমশক্তি এবং দক্ষিণ এশিয়ার ভৌগোলিক অবস্থান বাংলাদেশকে তুর্কি ব্যবসায়ীদের কাছে সম্ভাবনাময় করে তুলেছে।
এর বাস্তব উদাহরণ সিঙ্গার বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ শেয়ার অধিগ্রহণে তুরস্কের প্রতিষ্ঠান আর্সেলিকের বিনিয়োগ। ২০২০ সালে প্রায় ৭ কোটি ৫০ লাখ ডলারের এই বিনিয়োগ বাংলাদেশের উৎপাদন খাতে তুর্কি প্রতিষ্ঠানের আগ্রহের পরিচয় দেয়। জ্বালানি খাতেও তুরস্কের প্রতিষ্ঠান আইগ্যাজ বাংলাদেশের ইউনাইটেড গ্রুপের সঙ্গে ১০ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ নিয়েছিল।
২০২৫ সালে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১৩৫ কোটি ডলারে পৌঁছায়। দুই দেশ এই বাণিজ্য ২০০ কোটি ডলারে উন্নীত করতে চায়। তবে দুই দেশের অর্থনৈতিক সক্ষমতা ও বাজারের আকার বিবেচনায় বর্তমান বাণিজ্যের পরিমাণ আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, চামড়াজাত পণ্য, ইলেকট্রনিকস, যন্ত্রপাতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানো সম্ভব। বাংলাদেশ তুরস্কের বাজারে পণ্য রপ্তানি বাড়াতে পারে। অন্যদিকে তুরস্কের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে উৎপাদন ও বিনিয়োগের সুযোগ নিতে পারে।
এখানে বাংলাদেশের জন্য একটি বাড়তি সুযোগ রয়েছে। তুরস্ক ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার মধ্যে বাণিজ্যিক সংযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গভীর হলে বাংলাদেশের ব্যবসায়ীরা নতুন বাজার ও সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন।
প্রতিরক্ষা সহযোগিতা কেন এত আলোচনায়
ঢাকা–আঙ্কারা সম্পর্কের সবচেয়ে দৃশ্যমান পরিবর্তন এসেছে প্রতিরক্ষা খাতে। গত এক দশকে তুরস্ক নিজস্ব প্রতিরক্ষাশিল্পে উল্লেখযোগ্য সক্ষমতা তৈরি করেছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার, সাঁজোয়াযান, নৌযান ও সামরিক যোগাযোগব্যবস্থা উৎপাদনে দেশটি আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান তৈরি করেছে।
বাংলাদেশের জন্য তুরস্কের গুরুত্ব এখানেই। দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির ক্ষেত্রে বাংলাদেশ সীমিতসংখ্যক সরবরাহকারীর ওপর নির্ভরশীল। নতুন উৎস তৈরি হলে সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে বিকল্প বাড়বে। একই সঙ্গে প্রযুক্তি, প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে।
২০২১ সালে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে প্রায় ৬ কোটি ডলারের সমরাস্ত্র কেনে বলে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। একই বছর তুরস্কের রকেটসানের তৈরি টিআরজি-৩০০ কাপলান ক্ষেপণাস্ত্রব্যবস্থার প্রথম চালান বাংলাদেশে পৌঁছানোর খবর প্রকাশিত হয়।
এরপর সামরিক পর্যায়ে যোগাযোগ বাড়ে। ২০২৩ সালে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ–তুরস্ক সামরিক সংলাপে প্রতিরক্ষা সরঞ্জাম, প্রশিক্ষণ, প্রযুক্তি ও যৌথ মহড়ার বিষয় আলোচিত হয়। ২০২৫ সালে তুরস্কের প্রতিরক্ষাশিল্প সংস্থার প্রধান হালুক গোরগুনের বাংলাদেশ সফর এবং ২০২৬ সালে বাংলাদেশের সেনাপ্রধানের তুরস্ক সফর এই সহযোগিতার ধারাবাহিকতা তুলে ধরে।
তবে প্রতিরক্ষা সহযোগিতাকে শুধু অস্ত্র কেনার মধ্যে সীমাবদ্ধ রাখলে বাংলাদেশের প্রত্যাশিত সুফল পাওয়া কঠিন হবে। বরং প্রযুক্তি হস্তান্তর, স্থানীয় উৎপাদন, দক্ষ জনবল তৈরি এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের সক্ষমতা অর্জন বেশি জরুরি।
তুরস্কের আঞ্চলিক কৌশলে বাংলাদেশ
বাংলাদেশের প্রতি তুরস্কের আগ্রহের পেছনে শুধু অর্থনৈতিক হিসাব নেই, রয়েছে কৌশলগত বিবেচনাও। আন্তর্জাতিক পরিসরে নিজেদের অবস্থান বাড়াতে তুরস্ক গত কয়েক বছরে এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে মনোযোগ দিয়েছে। ২০১৯ সালে শুরু করা ‘এশিয়া এনিউ’ উদ্যোগ এই কৌশলেরই অংশ।
দক্ষিণ এশিয়ার বড় বাজার হিসেবে বাংলাদেশ এই উদ্যোগে বিশেষ স্থান পেতে পারে। বঙ্গোপসাগরের অবস্থান, বিপুল জনসংখ্যা এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থার সম্ভাবনা বাংলাদেশকে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক—দুই দিক থেকেই আকর্ষণীয় করে তুলেছে।
বাংলাদেশের জন্যও এই সম্পর্কের কৌশলগত মূল্য রয়েছে। একটি দেশের ওপর নির্ভরতা না বাড়িয়ে বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। তুরস্কের সঙ্গে সহযোগিতা সেই বহুমুখীকরণের সুযোগ তৈরি করতে পারে।
তবে এই সম্পর্ককে অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিকল্প হিসেবে দেখা ঠিক হবে না। বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য হওয়া উচিত জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা।
রাজনৈতিক পরিবর্তনের পরও সম্পর্কের ধারাবাহিকতা
বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পরও তুরস্কের সঙ্গে সম্পর্কের ধারাবাহিকতা বজায় ছিল। অন্তর্বর্তী সরকারের সময় বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা বিষয়ে দুই দেশের যোগাযোগ অব্যাহত থাকে।
২০২৫ সালের জানুয়ারিতে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে। একই বছরের অক্টোবরে ঢাকায় দুই দেশের চতুর্থ রাজনৈতিক পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়।
বর্তমান সরকারের আমলে উচ্চপর্যায়ের যোগাযোগ আরও বেড়েছে। জুনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ঢাকা সফরে প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি গঠন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বার্ষিক বৈঠক এবং নিয়মিত ‘টু প্লাস টু’ বৈঠকের বিষয়ে আলোচনা হয়।
এই উদ্যোগের মূল্য এখানেই যে, দুই দেশের সহযোগিতা আর শুধু বিচ্ছিন্ন সফর বা চুক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নিয়মিত আলোচনার কাঠামো তৈরি হলে বাণিজ্য, নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা সহজ হবে।
সম্ভাবনার পাশাপাশি সতর্কতার প্রয়োজন
ঢাকা–আঙ্কারা সম্পর্ক যত ঘনিষ্ঠ হচ্ছে, বাংলাদেশের সামনে তত বেশি বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন তৈরি হচ্ছে। তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে সরঞ্জামের দাম, অর্থায়নের শর্ত, সরবরাহের সময়, প্রযুক্তিগত সক্ষমতা এবং বিক্রয়-পরবর্তী সেবা বিবেচনা করতে হবে।
একইভাবে বিনিয়োগের ক্ষেত্রে শুধু ঘোষিত অঙ্ক দিয়ে সাফল্য বিচার করা যাবে না। প্রকৃত বিনিয়োগ কতটা এসেছে, কত কর্মসংস্থান তৈরি হয়েছে, স্থানীয় শিল্প কতটা উপকৃত হয়েছে এবং প্রযুক্তিগত সক্ষমতা কতটা বেড়েছে, সেগুলো দেখতে হবে।
বাণিজ্যের ক্ষেত্রেও শুধু লক্ষ্যমাত্রা নির্ধারণ যথেষ্ট নয়। পণ্যভিত্তিক বাজার বিশ্লেষণ, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা, ব্যবসায়ী প্রতিনিধিদলের নিয়মিত সফর এবং দুই দেশের বেসরকারি খাতের যোগাযোগ বাড়াতে হবে।
রোহিঙ্গা সংকটেও তুরস্কের সমর্থন বাংলাদেশের জন্য মূল্যবান। মানবিক সহায়তার পাশাপাশি নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বজায় রাখতে আঙ্কারার কূটনৈতিক ভূমিকা কাজে লাগানো যেতে পারে।
সম্পর্কের সাফল্য নির্ভর করবে বাস্তব অর্জনে
ঢাকা–আঙ্কারা সম্পর্ক এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি বাস্তব ফলাফল প্রত্যাশিত। দুই দেশের নেতাদের বৈঠক, মন্ত্রী পর্যায়ের যোগাযোগ কিংবা সহযোগিতার ঘোষণা সম্পর্কের ভিত্তি তৈরি করতে পারে। কিন্তু তার প্রকৃত সাফল্য নির্ধারিত হবে বিনিয়োগ, রপ্তানি, প্রযুক্তি হস্তান্তর, কর্মসংস্থান ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে।
বাংলাদেশের উচিত তুরস্কের সঙ্গে সম্পর্ককে আবেগ বা কূটনৈতিক সৌজন্যের জায়গায় সীমাবদ্ধ না রেখে সুস্পষ্ট জাতীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া। প্রতিটি সহযোগিতার ক্ষেত্রে লাভ-ক্ষতি মূল্যায়ন, স্বচ্ছ চুক্তি এবং বাস্তবায়নের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তুরস্কের জন্য বাংলাদেশ যেমন একটি বড় বাজার ও দক্ষিণ এশিয়ায় প্রবেশের সম্ভাবনাময় অংশীদার, বাংলাদেশের জন্যও তুরস্ক নতুন বিনিয়োগ, প্রযুক্তি ও বাজারের সুযোগ তৈরি করতে পারে। এই পারস্পরিক স্বার্থকে কাজে লাগাতে পারলে ঢাকা–আঙ্কারা সম্পর্ক দুই দেশের জন্যই লাভজনক হয়ে উঠবে।
লেখক: বিজনেস এডিটর, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ।
সাবেক কর্মস্থল: দৈনিক যায়যায়দিন, বর্তমান, দেশ রূপান্তর ও ইত্তেফাক