![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
উচ্চমাধ্যমিকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। তাঁর বিরোধীদের অভিযোগ, ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সময় জমা দেওয়া উচ্চমাধ্যমিকের সনদটি ভুয়া। এমনকি তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হননি বলেও দাবি করেছেন বিরোধীরা।
ইন্দোনেশিয়ায় গত কয়েক দিন ধরে অর্থনৈতিক পরিস্থিতি, দুর্নীতি এবং দাবানল নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ চলছে। এমন পরিস্থিতির মধ্যেই শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে বিতর্কের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন জিবরান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। প্রেসিডেন্ট সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে এ সিদ্ধান্ত গ্রহণের সময় তাঁর মন ভারাক্রান্ত ছিল বলে জানিয়েছেন প্রাবো সুবিয়ান্তো।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্ট রায় দেন, নির্বাচনী হলফনামায় বিদেশে উচ্চমাধ্যমিক শিক্ষা অর্জনের যে সনদ জমা দিয়েছিলেন জিবরান, তা দেশটির নির্বাচনে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তবে জিবরানের বিরোধীরা আরও গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশই নেননি এবং এ স্তরের কোনো সনদও অর্জন করেননি।
এদিকে, ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী, মিথ্যা তথ্য দিয়ে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের মাধ্যমে জিবরান সংবিধান লঙ্ঘন করেছেন কি না, তা নিয়ে তদন্ত শুরু হতে পারে। দেশটির পার্লামেন্টের গঠিত একটি বিশেষ কমিটি এ তদন্ত পরিচালনা করবে।
তদন্তে তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংবিধানিক আদালতে তাঁর বিচার হতে পারে।
পাঠকের মন্তব্য