![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ, রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এসব ক্ষেত্রে অস্ট্রেলিয়ার আরও সক্রিয় ভূমিকা ও সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়েও ইতিবাচক প্রত্যাশা ব্যক্ত করেছেন দুই নেতা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে আলবানিজ আগামী বছর তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন। একইভাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও তারেক রহমানকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানান। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশ এবং বিশেষ করে অধিক ঝুঁকিতে থাকা রাষ্ট্রগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
কপ-৩১ সম্মেলনের চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসাও করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও তাঁদের আলোচনা হয়।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সুযোগ রয়েছে উল্লেখ করে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সামনে বিনিয়োগের সম্ভাবনাগুলো তুলে ধরেন তারেক রহমান। বিশেষ করে বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে সহযোগিতা কামনা করেন তিনি। বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়ন নিয়েও আলোচনা করেন।
রোহিঙ্গা সংকট নিরসনের বিষয়টিও দ্বিপক্ষীয় আলোচনায় স্থান পায়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান তারেক রহমান। এ উদ্দেশ্যে দেশটির কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত। ফলে সংকটের টেকসই সমাধানে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সহযোগিতা ও কূটনৈতিক ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।
বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। জ্বালানি খাতে পরিবেশবান্ধব ব্যবস্থার প্রসার এবং টেকসই উন্নয়নের লক্ষ্য সামনে রেখে এ পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অ্যান্থনি আলবানিজকে অবহিত করেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগের মধ্যে রয়েছে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ এবং খাল খনন কর্মসূচি।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এসব বিষয় নিয়ে আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং জলবায়ু কার্যক্রমে যৌথ উদ্যোগ সম্প্রসারণের বিষয়টি উঠে আসে।
পাঠকের মন্তব্য