![]()
ইবি রিপোর্ট
সরকারি অনুমোদন ছাড়াই চট্টগ্রামের কর্ণফুলীতে রিফাইনারি নির্মাণ করেছে টিকে গ্রুপের প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। শুধু নির্মাণকাজই নয়, প্ল্যান্ট স্থাপনের জন্য বিপুল পরিমাণ মূলধনী যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রেও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অনুমতি নেয়নি প্রতিষ্ঠানটি। বিপিসির গঠিত সাত সদস্যের একটি কমিটির পরিদর্শনে এসব অনিয়মের বিষয় উঠে এসেছে। এর মধ্যেই প্রতিষ্ঠানটি বছরে ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি চেয়েছে। প্রয়োজনীয় অনুমোদন, কারিগরি সক্ষমতা ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত হওয়ার আগেই উৎপাদনের অনুমতি দেওয়ার উদ্যোগ নিয়ে জ্বালানি খাতে উদ্বেগ তৈরি হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় তিন ঘণ্টার বেশি সময় ধরে সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারি পরিদর্শন করে বিপিসির সাত সদস্যের কমিটি। পরিদর্শন শেষে কমিটির আহ্বায়ক ও বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মোহাম্মদ জাহিদ হোসাইন জানান, সরকারের অনুমোদন না থাকলেও প্রতিষ্ঠানটির রিফাইনারি নির্মাণকাজ এগিয়েছে। সেখানে নতুন ট্যাংক নির্মাণের পাশাপাশি ক্রুড প্রসেসিং প্ল্যান্টের উন্নয়ন করা হয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটি কিছু নথিপত্র জমা দিয়েছে, যা বর্তমানে পর্যালোচনা করছে কমিটি।
জাহিদ হোসাইন আরও জানান, নীতিমালার বাইরে গিয়ে রিফাইনারির ইউনিট-২ ও ৩ নির্মাণের বিষয়টিও কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হবে। প্ল্যান্ট স্থাপনের জন্য প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি ও অন্যান্য মেশিনারিজ আমদানির আগে বিপিসির অনুমতি নেওয়া হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিষ্ঠানটি এ ধরনের আমদানির বিষয়ে বিপিসির কাছে কোনো অনুমোদন চায়নি।
গত মঙ্গলবার বিপিসির সচিব শাহিনা সুলতানা এক অফিস আদেশে সাত সদস্যের এই কমিটি গঠন করেন। তিন দিনের মধ্যে রিফাইনারিটির উৎপাদন কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া যায় কি না, সে বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয় কমিটিকে। তবে বৃহস্পতিবার দুপুরে কমিটির আহ্বায়ক জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া অনিশ্চিত। প্রয়োজন হলে প্রতিষ্ঠানটির কাছে আরও ব্যাখ্যা ও নথিপত্র চাওয়া হবে। সদস্যদের পর্যালোচনা ও আলোচনার ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হবে।
তবে কমিটির পরিদর্শনের পরও রিফাইনারিটির প্রকৃত উৎপাদন সক্ষমতা কিংবা যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করা হয়নি। আহ্বায়ক নিজেই জানিয়েছেন, পরিদর্শনের সময় প্রতিটি যন্ত্র বা প্ল্যান্ট চালু করে পরীক্ষা করা হয়নি। কাঁচামাল প্রবেশ থেকে উৎপাদিত পণ্যের নির্গমন পর্যন্ত প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা কারিগরি কমিটির যাচাইয়ের বিষয়। আর চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
এ অবস্থায় প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও নিরাপত্তা যাচাই ছাড়া উৎপাদনের অনুমোদনের সুপারিশ করা কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, একটি রিফাইনারি স্থাপন ও পরিচালনার জন্য বিভিন্ন সরকারি দপ্তর থেকে ৩০টির বেশি অনুমোদন ও ছাড়পত্র প্রয়োজন। এর মধ্যে বিপিসি ও বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স এবং বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন উল্লেখযোগ্য। এ ছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লে-আউট ও নিরাপত্তাসংক্রান্ত অনুমোদন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স ও ভ্যাট নিবন্ধনও প্রয়োজন।
অভিযোগ রয়েছে, এসব অনুমোদন ও ছাড়পত্রের বিধান যথাযথভাবে অনুসরণ না করেই সুপার পেট্রোকেমিক্যাল তাদের রিফাইনারি নির্মাণের কাজ এগিয়ে নিয়েছে। পাশাপাশি যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ফাঁকির অভিযোগও উঠেছে। আমদানির ঘোষণায় অন্য পণ্য আনা কিংবা চোরাচালানের ঘটনা ঘটেছে কি না, তা নিয়েও সংশ্লিষ্ট মহলে প্রশ্ন রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তদন্তের তথ্য পাওয়া যায়নি।
এমন পরিস্থিতির মধ্যেই রিফাইনারিতে পরিশোধনের জন্য বছরে ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি চেয়ে বিপিসিতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে চার লাখ টন লাইট ক্রুড এবং আট লাখ টন হেভি ক্রুড আমদানির পরিকল্পনা রয়েছে।
গত ২৭ অক্টোবর বিপিসিতে পাঠানো এক চিঠিতে প্রতিষ্ঠানটি ২০২৭ সালে সম্ভাব্য জ্বালানি সরবরাহের পরিকল্পনাও তুলে ধরে। বিপিসির ১০ আগস্টের একটি পত্রের সূত্র উল্লেখ করে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ২০২৭ সালে বিপিসিকে দুই লাখ ৫৬ হাজার ৫০০ টন অকটেন, এক লাখ ১৯ হাজার টন পেট্রল, চার লাখ ৬৬ হাজার ৫০০ টন ডিজেল এবং তিন লাখ ৬১ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল সরবরাহের পরিকল্পনা রয়েছে। এসব জ্বালানি উৎপাদনের জন্য ১২ লাখ টন ক্রুড অয়েল আমদানি প্রয়োজন বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
আমদানির আবেদনসংক্রান্ত নথিতে কনডেনসেট ও লাইট ক্রুডের সংজ্ঞাগত এবং গুণগত পার্থক্য এক করে উপস্থাপনের অভিযোগও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, কনডেনসেট ও ক্রুড অয়েল ভিন্ন উৎসের কাঁচামাল। কনডেনসেট মূলত প্রাকৃতিক গ্যাসের সঙ্গে পাওয়া তরল উপজাত। অন্যদিকে ক্রুড অয়েল আসে তেলক্ষেত্র থেকে। ফলে উৎস, গঠন ও বৈশিষ্ট্যের দিক থেকে দুটির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।
রিফাইনারি নির্মাণের ক্ষেত্রে সরকারি অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে ২০২৩ সালের নীতিমালায়ও। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’-এর ৭.১ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, সরকারের অনুমোদন ছাড়া কোনো রিফাইনারি স্থাপন করা যাবে না। ফলে অনুমোদন ছাড়াই প্ল্যান্ট নির্মাণের বিষয়টি নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।
জ্বালানি বিভাগ ও বিপিসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার অভিযোগ, প্রয়োজনীয় অনুমোদন ও শর্ত পূরণ না হলেও প্রতিষ্ঠানটিকে উৎপাদনের অনুমতি দেওয়ার জন্য একটি প্রভাবশালী মহল তৎপর। রিফাইনারি স্থাপনের আগেই যেসব শর্ত পূরণ করার কথা ছিল, সেগুলো যথাযথভাবে যাচাই না করে এখন উৎপাদনের অনুমোদনের সুপারিশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে কি না, তা নিয়েও উদ্বেগ রয়েছে।
খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, রিফাইনারি একটি কৌশলগত ও স্পর্শকাতর শিল্পপ্রতিষ্ঠান। এ ধরনের স্থাপনার ক্ষেত্রে কারিগরি সক্ষমতা, অগ্নি ও বিস্ফোরণ নিরাপত্তা, পরিবেশগত সুরক্ষা এবং আমদানি করা যন্ত্রপাতির বৈধতা নিশ্চিত করা জরুরি। এসব বিষয় যাচাই না করে উৎপাদনের অনুমতি দেওয়া হলে দেশের জ্বালানি নিরাপত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থা ঝুঁকিতে পড়তে পারে। এ কারণে প্রতিষ্ঠানটির নির্মাণকাজ, যন্ত্রপাতি আমদানি, শুল্ক পরিশোধ এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদনের বিষয়ে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
বিপিসির সাত সদস্যের কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন বিপিসির ব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন)। সদস্য হিসেবে রয়েছেন ইস্টার্ন রিফাইনারি পিএলসির (ইআরপিএলসি) উপমহাব্যবস্থাপক (অপারেশন), উপমহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং), জিওপিএলসির উপমহাব্যবস্থাপক (অপারেশন), এমপিপিএলসির উপমহাব্যবস্থাপক (অপারেশন) এবং ইআরপিএলসির সহকারী মহাব্যবস্থাপক (প্ল্যানিং)।
সব মিলিয়ে সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারি ঘিরে এখন প্রধান প্রশ্ন, প্রয়োজনীয় অনুমোদন ও কারিগরি সক্ষমতা নিশ্চিত না করেই কীভাবে নির্মাণকাজ এগিয়েছে এবং উৎপাদনের অনুমতি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে কি না। কমিটির প্রতিবেদন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিদ্ধান্তের মধ্য দিয়ে বিষয়টির প্রকৃত চিত্র স্পষ্ট হওয়ার কথা। তবে জ্বালানি খাতের স্বার্থে উৎপাদনের অনুমতির আগে প্রতিটি বিধিবিধান, নিরাপত্তাশর্ত ও আমদানিসংক্রান্ত অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি।
পাঠকের মন্তব্য