![]()
ইবি রিপোর্ট
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগও দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা এনসিপি আয়োজিত আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে পরিকল্পনা তৈরির উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন এনসিপি সভাপতি।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি দমন-পীড়নের পথ বেছে নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে চলমান আন্দোলনের দ্রুত সমাধান করা প্রয়োজন। তাঁর ভাষ্য, দেশের প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিএনপি সারা দেশে দমন-পীড়ন চালিয়ে পরিস্থিতি আরও অস্থিতিশীল করে তুলেছে। পাশাপাশি স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণেও দলটি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। দায়িত্ব পালনে ব্যর্থতার দায় সংশ্লিষ্ট মন্ত্রীকে নিতে হবে বলে জানান তিনি।
জ্বালানি খাতের পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপি সভাপতি। তিনি বলেন, ‘জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। জ্বালানি খাতেও মন্ত্রী চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন।’
নাহিদ ইসলাম আরও জানান, জ্বালানি খাতের উন্নয়নে ১১ দলীয় জোটের পক্ষ থেকে সরকারকে লিখিতভাবে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল।
আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিরোধের ক্ষেত্রেও বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, গত ১৬ বছরেও দলটি এ বিষয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিএনপি বড় রাজনৈতিক দল হলেও এটি আপসকামী দল বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দলটির অধিকাংশ নেতার অবস্থানের তুলনা টেনে নাহিদ ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া আপসহীন হলেও দলের বেশির ভাগ নেতা আপসকামী। তাঁর মতে, বিএনপির পক্ষে আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব হবে না। এ পরিস্থিতিতে সাধারণ মানুষকে আবারও রাজপথে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সরকারের সামগ্রিক কর্মকাণ্ডের সমালোচনা করে এনসিপি সভাপতি বলেন, ‘এটি একটি অজুহাতের সরকার। সরকারের প্রতিটি ব্যর্থতার পেছনে তাদের অজুহাত রয়েছে।’
দিনাজপুরে অনুষ্ঠিত এ সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, ব্যারিস্টার সানী আব্দুল হক, সাদিয়া ফারজানা দিনা, ডা. কামরুল ইসলাম দর্পণ, মোশাররফ হোসাইন ও আবু সাঈদ লিয়নসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।