![]()
ইবি রিপোর্ট
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বুধবার বেলা সোয়া ১১টায় বোর্ডের প্রথম বৈঠক শুরু হয়। বৈঠকটি প্রতিবেদন প্রকাশের সময়ও চলছিল।
সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন বাবুল আক্তার ও আনোয়ার হোসেন। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন এ বি এম সামসুদ্দিন ও আসিফ আইয়ুব। এ ছাড়া নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন মসলেহ উদ্দিন। বোর্ডের সচিব হিসেবে রয়েছেন রাইসা আফরোজ।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম বেতন কত নির্ধারণ করা হবে, তা পুনর্বিবেচনার লক্ষ্যে এ বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকদের পক্ষ থেকে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে।
এর আগে বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এক প্রজ্ঞাপনে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করে।
একই প্রজ্ঞাপনে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন চেয়ারম্যানের সভাপতিত্বেই বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সাম্প্রতিক সময়ে পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।
নতুন বোর্ডের দায়িত্ব হলো তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের বিষয়টি পর্যালোচনা করা। শ্রমিকদের ৩০ হাজার টাকা মাসিক ন্যূনতম মজুরির দাবির মধ্যে বোর্ডের প্রথম বৈঠক শুরু হলো।
পাঠকের মন্তব্য