![]()
ইবি রিপোর্ট
বিজ্ঞাপন দেখে পয়েন্ট অর্জন, আর সেই পয়েন্ট ব্যবহার করে প্রয়োজনীয় পণ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও চাকরির সুযোগ পাওয়ার ব্যবস্থা চালু করতে যাচ্ছে গ্রামীণ গ্রুপ ও জাপানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান উইক করপোরেশন। সামাজিক ব্যবসার ধারণায় যৌথভাবে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলবে প্রতিষ্ঠান দুটি।
গত ২৯ অক্টোবর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ অক্টোবর টোকিওতে অনুষ্ঠিত ‘জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ‘গ্রামীণ-উইক’ নামের যৌথ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।
চলতি বছরের জুনে উইক করপোরেশন ও গ্রামীণ গ্রুপের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে যৌথ উদ্যোগটির পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। ২০২৭ সালের বসন্তকালের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরু করার লক্ষ্য নিয়ে সেবা উন্নয়ন ও স্থানীয় পর্যায়ে কার্যক্রম প্রতিষ্ঠার প্রস্তুতি চলছে।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ইয়োশিমোতো কোগিওর সাবেক চেয়ারম্যান হিরোশি ওসাকি যৌথ উদ্যোগটির উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন।
বিজ্ঞাপন থেকে পয়েন্ট, মিলবে প্রয়োজনীয় সেবা
গ্রামীণ-উইক সামাজিক ব্যবসা হিসেবে পরিচালিত হবে। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, ‘পজিটিভ ইমপ্যাক্ট অ্যাডভার্টাইজমেন্ট’ বা ইতিবাচক প্রভাব সৃষ্টিকারী বিজ্ঞাপনের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী ব্যয়কে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও সামাজিক সমস্যা সমাধানের সঙ্গে যুক্ত করা হবে।
এ জন্য একটি স্মার্টফোন অ্যাপ তৈরি করা হবে। বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনী ব্যয়ের একটি অংশ ব্যবহারকারীদের পয়েন্ট হিসেবে দেওয়া হবে। ব্যবহারকারীরা অ্যাপে বিজ্ঞাপন দেখে এসব পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। পরে তা দিয়ে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য সেবা গ্রহণের সুযোগ থাকবে।
প্ল্যাটফর্মটিতে বৃত্তিমূলক প্রশিক্ষণ ও চাকরির সুযোগসংক্রান্ত তথ্যও পাওয়া যাবে। চাকরিপ্রার্থীদের সঙ্গে কর্মী নিয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট কমিউনিটির সংযোগ ঘটানোর মাধ্যমে বাংলাদেশ এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির। এর মাধ্যমে মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করার পরিকল্পনা করা হয়েছে।
পাঁচটি খাতে গুরুত্ব
গ্রামীণ-উইক পাঁচটি অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণ করেছে। এগুলো হলো—যুব কর্মসংস্থান; দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি; নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ ও ক্ষমতায়ন; দারিদ্র্য বিমোচন ও জীবনযাত্রার মানোন্নয়ন; স্বাস্থ্যসেবায় সহজ প্রবেশাধিকার এবং জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা।
এসব লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সামাজিক সেবায় নিয়োজিত বড় প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্ভাব্য অংশীদারত্ব নিয়ে আলোচনা করছে গ্রামীণ-উইক। এসব খাতে সহযোগিতার ভিত্তিতে কার্যক্রম সম্প্রসারণ করতে চায় প্রতিষ্ঠানটি।
জাপানে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের উদ্যোগে জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম অনুষ্ঠিত হয়।
উইক করপোরেশন জাপানভিত্তিক একটি সফটওয়্যার ও প্রযুক্তি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম ও ডিজিটাল সিস্টেম তৈরি করে।