![]()
ইবি রিপোর্ট
দীর্ঘ অপেক্ষার পর প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। বোর্ডভিত্তিক ফলে সবচেয়ে বেশি পাসের হার ঢাকা শিক্ষা বোর্ডে, আর সবচেয়ে কম বরিশাল বোর্ডে। ফলাফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে নম্বর ও ফল জানতে পারছেন।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই দেশের সব শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ঘোষণা অনুযায়ী, ফলাফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগ্রহের পাশাপাশি অনলাইনেও দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানগুলো নিজেদের ফলাফল তালিকা বা রেজাল্ট শিট ডাউনলোড করতে পারছে। একই সঙ্গে পরীক্ষার্থীরাও এসএমএস পাঠিয়ে ফল জানার সুযোগ পাচ্ছেন।
প্রকাশিত ফল অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮৩ শতাংশ। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ হার ৬১ দশমিক ০৭ শতাংশ। ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪ শতাংশ এবং সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।
অন্যদিকে, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪ শতাংশ, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং রাজশাহীতে ৪৫ দশমিক ০৬ শতাংশ। যশোর বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। সবচেয়ে কম ৪৪ দশমিক ৮৪ শতাংশ পাসের হার বরিশাল বোর্ডে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ।
বোর্ড থেকে প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। প্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন এবং প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। পরে অনলাইনে পাওয়া ফলাফল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রকাশ করা যাবে।
পরীক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর অভিন্ন ওয়েবসাইট eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন।
মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত ফরম্যাটে বার্তা পাঠাতে হবে। এসএমএসের নিয়ম হলো: HSC, এরপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিস থেকে ফলাফল পাওয়া যাবে না। ফল পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ২ জুলাই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা একযোগে শুরু হয়। সূচি অনুযায়ী, ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও শেষ হয়।
পাঠকের মন্তব্য