![]()
ইবি রিপোর্ট
এইচএসসি পরীক্ষার ফলে রাজশাহী শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই কমেছে। ২০২৬ সালের পরীক্ষায় বোর্ডটির অধীনে পাস করেছেন ৪৫ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন।
শনিবার বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরিন এ বছরের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬১ হাজার ৮৯৪ জন। অন্যদিকে, অকৃতকার্য হয়েছেন ৫৪ দশমিক ৯৪ শতাংশ পরীক্ষার্থী।
গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। সে তুলনায় চলতি বছর পাসের হার কমেছে ১৪ দশমিক ৩৪ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।
২০২৫ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে ১০ হাজার ১৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। চলতি বছর এ সংখ্যা নেমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫২০ জনে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৫ হাজার ৬১৭ জন।
এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২৯ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী। গত বছর এ হার ছিল ২৪ দশমিক ৯৪ শতাংশ। ফলে এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর হারও আগের বছরের তুলনায় বেড়েছে।
এ ছাড়া চলতি বছর দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১৪ দশমিক ৪৬ শতাংশ পরীক্ষার্থী।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফলও গত বছরের তুলনায় পিছিয়েছে। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৩৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর এমন কলেজের সংখ্যা ছিল ৩৫টি।
অন্যদিকে, চলতি বছর শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন মাত্র ৯টি কলেজে। ২০২৫ সালে এ ধরনের কলেজের সংখ্যা ছিল ১৮টি। অর্থাৎ, এক বছরের ব্যবধানে শতভাগ পাস করা কলেজের সংখ্যা অর্ধেকে নেমেছে।
এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মোট ৭৪৩টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেন। প্রকাশিত ফলাফলে পাসের হার, জিপিএ-৫ এবং শতভাগ পাস করা কলেজের সংখ্যা—সব ক্ষেত্রেই গত বছরের তুলনায় কম ফল দেখা গেছে।
পাঠকের মন্তব্য