
ই-বাংলাদেশ প্রতিবেদক
দেশের স্টার্টআপ খাতে বিনিয়োগ বাড়াতে ৪০০ কোটি টাকার তহবিল চালু করেছে সরকার। ‘ফান্ড অব ফান্ডস’ নামের উদ্যোগটি দেশি-বিদেশি পুঁজি আকর্ষণে কাজ করবে। একই সঙ্গে দেশের ভেঞ্চার ক্যাপিটাল শিল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন সরকারি প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এই তহবিল চালু করেছে। প্রতিষ্ঠানটি সরকারের ভেঞ্চার ক্যাপিটাল ও তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। সম্প্রতি ঢাকার আইসিটি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্যোগটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
স্টার্টআপ বাংলাদেশের তথ্য অনুযায়ী, গত এক দশকে দেশে প্রায় ১২০ কোটি ডলার বিনিয়োগ এসেছে। তবে এই বিনিয়োগের মাত্র ৭ শতাংশের মতো এসেছে স্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকে। নতুন তহবিলের মাধ্যমে স্থানীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ভেঞ্চার ক্যাপিটাল খাত উন্নয়নের লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে স্টার্টআপ অর্থায়নের জন্য একটি টেকসই কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। নির্বাচিত দেশি ও আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল তহবিলে বিনিয়োগ করবে ‘ফান্ড অব ফান্ডস’।
স্টার্টআপ বাংলাদেশের সূত্রে জানা গেছে, সুশাসন, পেশাদার তহবিল ব্যবস্থাপনা এবং বিশ্বাসযোগ্য বিনিয়োগ কৌশল বিবেচনা করা হবে। এসব মানদণ্ড পূরণকারী তহবিলগুলো নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
যোগ্য ভেঞ্চার ক্যাপিটাল তহবিল ব্যবস্থাপকদের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে। এ জন্য ‘রিকোয়েস্ট ফর এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ বা আগ্রহ প্রকাশের আহ্বান জানানো হয়েছে।
পাঠকের মন্তব্য