![]()
ইবি রিপোর্ট
রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ এবং রক্ষণাবেক্ষণের ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আবাসিক এলাকাটির পরিচ্ছন্নতা নিশ্চিত করে বাসযোগ্য পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। একই সঙ্গে এলাকাবাসীর অভিযোগ শুনে সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব নির্দেশনা দেন। এ সময় আবাসিক এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। চলাচলের পথ, আশপাশের পরিবেশ এবং সার্বিক পরিচ্ছন্নতার অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনের সময় বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার ঘাটতি দেখতে পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চান তারেক রহমান। কোয়ার্টারের রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। আগামী দুই সপ্তাহের মধ্যে পুরো এলাকার পরিচ্ছন্নতা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এ সময় কোয়ার্টারে বসবাসরত বাসিন্দারা এলাকার অপরিচ্ছন্ন পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। আবাসিক এলাকার পরিবেশ উন্নত করার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তাঁরা।
বাসিন্দাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। আবাসিক এলাকার পরিচ্ছন্নতা ও পরিবেশের উন্নয়নের পাশাপাশি বাসিন্দাদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানের বিষয়েও পদক্ষেপ নিতে বলেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনের একপর্যায়ে কোয়ার্টারে বসবাসরত শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। আকস্মিক এই সফরে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
পাঠকের মন্তব্য