![]()
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান-এর ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে একই সফরে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট-এর অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।
সড়কবাতির বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ফ্রান্সে অবস্থিত Signify France-এর আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনের জন্য এই সফরের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমন্ত্রণ জানিয়েছিল Signify Bangladesh Limited।
সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো সারসংক্ষেপে দেওয়া নির্দেশনায় প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের প্রযুক্তিগত জ্ঞান অর্জন প্রকৌশলীর মাধ্যমে রাজশাহী সিটি করপোরেশনের কাজে ব্যবহার করা সম্ভব। কিন্তু প্রশাসক প্রকৌশলী নন, তাই তার সফর প্রয়োজনীয় নয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়, “এ বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আহরণ করলে তা রাজশাহী সিটি করপোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক প্রকৌশলী নয়, বিধায় তার যাওয়া কোনো গুরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রয়োজনে যেতে পারেন।”
প্রধানমন্ত্রী আরও নির্দেশ দেন, ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী ও প্রযুক্তিগত কার্যক্রমে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেওয়া উচিত।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগেও মশকনিধন কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জন্য শাহাদাত হোসেন-সহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব অনুমোদন করেননি প্রধানমন্ত্রী। সে সময় তিনি মন্তব্য করেছিলেন যে মশকনিধন শেখার জন্য বিদেশ সফরের প্রয়োজন নেই; দেশীয় বাস্তবতা থেকেই কার্যকর সমাধান বের করা সম্ভব।
সরকারের সাম্প্রতিক অবস্থান থেকে বোঝা যাচ্ছে, বিদেশ সফরের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার পেশাগত প্রয়োজনীয়তা, দক্ষতা অর্জনের সরাসরি উপযোগিতা এবং ব্যয়ের যৌক্তিকতার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পাঠকের মন্তব্য