![]()
ইবি রিপোর্ট
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশের অবস্থান তুলে ধরতে তিন দিনের সরকারি সফরে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী উড়োজাহাজটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। সফরের শুরুতেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। জলবায়ু ন্যায়বিচার, অর্থায়ন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্বার্থ তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে ইস্তাম্বুলে পৌঁছায়। সেখানে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেলে আন্তালিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সফরসূচি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলন। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর এর পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করবেন। সেখানে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।
নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী গত সোমবার ঢাকায় সাংবাদিকদের জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
পররাষ্ট্র সচিব বলেন, এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও জলবায়ু সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ। তা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ কারণে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, অভিযোজন অর্থায়ন, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন বাংলাদেশের প্রধান অগ্রাধিকারের মধ্যে রয়েছে।
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রসঙ্গে সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ নিজেদের ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে সচেতনতা সৃষ্টি ও সহযোগিতা বাড়ানোর চেষ্টা করে। হিসাবের ধরন ভিন্ন হতে পারে, তবে আন্তর্জাতিক পরিসরে এসব তথ্য উপস্থাপন দেশের স্বার্থ এগিয়ে নিতে সহায়ক।
সম্মেলনে জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশের সাফল্যও তুলে ধরা হবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের অভিজ্ঞতা বিনিময় করা হবে।
কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের পক্ষ থেকে একটি পাট প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে যৌথ ঘোষণার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
এ ছাড়া আগামী ১২ ও ১৩ নভেম্বর সম্মেলনের ব্লু জোনে দুটি সাইড ইভেন্ট আয়োজন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি অনুষ্ঠানে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকির বিষয়টি তুলে ধরা হবে। অন্যটিতে কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পচনশীল ও বর্জ্যমুক্ত পাটজাত পণ্যের প্রসারে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র সচিব জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও অংশীজনের সঙ্গে আলোচনা এবং আন্তঃমন্ত্রণালয় পরামর্শের ভিত্তিতে সম্মেলনে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রম পরিচালনায় পররাষ্ট্র মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করেছে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে দেশের অবস্থান আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, এসডিজি বিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।
কপ বা কনফারেন্স অব দ্য পার্টিজ হলো জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন। এতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নিয়ে বিভিন্ন দেশ আলোচনা করে। এ বছর সম্মেলনের সভাপতিত্ব করছে তুরস্ক এবং আনুষ্ঠানিক আলোচনার সভাপতির দায়িত্ব পালন করছে অস্ট্রেলিয়া।
প্রধানমন্ত্রীর আগামী শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে।
পাঠকের মন্তব্য