![]()
ইবি রিপোর্ট
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে দেশটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণের পর তাঁকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরের রাষ্ট্রীয় অতিথি ভবনে নেওয়া হয় প্রধানমন্ত্রীকে। এ সময় তাঁকে স্বাগত জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ।
মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। এর আগে একই দিন সকাল সাড়ে ৭টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করেন তিনি।
ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয় সময় বেলা ২টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইটে আন্তালিয়ার উদ্দেশে রওনা হন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এ সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। আগামীকাল বুধবার (১১ নভেম্বর) তিনি সম্মেলনে অংশ নেবেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ের আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব বৈঠকে বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা। ঢাকা থেকে যাত্রা শুরু করে ইস্তাম্বুলে আনুষ্ঠানিক যাত্রাবিরতি শেষে তাঁরা আন্তালিয়ায় পৌঁছানোর পথে রয়েছেন।
পাঠকের মন্তব্য