![]()
ইবি ডেস্ক রিপোর্ট
২০২৪ সালে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এবার নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পেতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার পাঠানো একটি চিঠির মাধ্যমে এই আবেদন করা হয়েছে। দেশত্যাগের পর বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান ভিন্ন। পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার পরিবর্তে ভারত-বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠিয়েছেন হাসিনার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা। চিঠিতে তারা উল্লেখ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তাদের মক্কেলের আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা গেছে।
এ অবস্থায় শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা। পাশাপাশি তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার সনদগুলোর অধীনে থাকা বাধ্যবাধকতা’ অনুসারে আবেদনগুলো ‘দ্রুততম সময়ে’ নিষ্পত্তি করার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের জানিয়েছিলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা একজন পলাতক, ফ্ল্যাগড সন্ত্রাসী ও টেরোরিস্ট। সে কি তার শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে আসছে যে তাকে পাসপোর্ট দিতে হবে, আর পাসপোর্ট দিয়ে সে আসবে? আমাদের সঙ্গে ভারতের একটি এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে। সন্ত্রাসী এবং ক্রিমিনালকে ধরার জন্য এই চুক্তি। একজন টেরোরিস্ট ক্রিমিনালকে ধরতে পাসপোর্ট লাগে না, লাগে জুডিশিয়াল প্রসেস।’
তিনি আরও বলেন, ‘পালিয়ে যাওয়া এই টেরোরিস্ট, যে হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গেছে, তাকে আমরা কোনোভাবেই একজন সাধারণ কমার্শিয়াল ট্রাভেলার হিসেবে দেখতে পারি না। আমরা তার হ্যান্ডওভার চাই। বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে যে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, সেই অনুযায়ী এই ক্রিমিনালকে হ্যান্ডিং ওভার করতে হবে।’
এরপর গতকাল ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের আইনি উদ্যোগের কথা জানান। অধস্তন আদালতের বিচারকদের একটি কর্মশালার উদ্বোধন শেষে তিনি বলেন, ‘বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় সব ধরনের আইনগত পদক্ষেপ নেবে সরকার। এ চুক্তির আওতায় ভারত সরকার তাকে ফেরত দেবে বলে আশা করছে সরকার। তাকে ফিরিয়ে আনার বিষয়ে আইনগতভাবে যা যা করা দরকার, তা করা হয়েছে।’
এদিকে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন নিয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্ররা এ বিষয়ে তখনই সাড়া দেননি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
উল্লেখ্য, ভারতে যাওয়ার পর বিভিন্ন সময়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার ইচ্ছার কথা জানিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। এর মধ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য বাংলাদেশ হাইকমিশনে আবেদন করার খবর সামনে এলো।
পাঠকের মন্তব্য