![]()
ইবি রিপোর্ট
অনিয়ম ও জালিয়াতিতে সংকটে পড়া নয় আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরাতে সরকারের সহায়তা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে ২ হাজার ৭০৬ কোটি ৬১ লাখ টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে চার প্রতিষ্ঠানের আমানত ফেরাতে জরুরি ভিত্তিতে প্রায় দেড় হাজার কোটি টাকা প্রয়োজন। বাকি পাঁচ প্রতিষ্ঠানের জন্য আরও প্রায় ১ হাজার ২৫৭ কোটি টাকা লাগবে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠানো চিঠিতে এ অর্থ বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে। আমানতকারীদের স্বার্থ রক্ষায় একটি অর্থ পরিশোধ কাঠামো অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। ওই কাঠামোতে ১০ লাখ টাকা পর্যন্ত আমানতের শতভাগ ফেরত দেওয়ার বিধান রয়েছে। আমানতের পরিমাণ বাড়লে ধাপে ধাপে ফেরতের হার কমবে।
ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী গত ২৭ অক্টোবর পরিচালনা পর্ষদের সভায় নয়টি সংকটাপন্ন আর্থিক প্রতিষ্ঠানকে রেজল্যুশন প্রক্রিয়ায় নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রতিষ্ঠানগুলো হলো ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স ও পিপলস লিজিং। তবে পিপলস লিজিংয়ের অবসায়ন-সংক্রান্ত মামলা চলমান থাকায় প্রতিষ্ঠানটি বাদে বাকি চারটিকে রেজল্যুশনের আওতায় আনা হয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রশাসক ও সহযোগী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) এবং প্রিমিয়ার লিজিংকে তিন মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময়ের মধ্যে সংশোধনমূলক পদক্ষেপ নিয়ে কার্যকর অবস্থায় ফেরার শর্ত দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ব্যবসায়িক সক্ষমতা প্রমাণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, রেজল্যুশনের আওতায় আসা চার প্রতিষ্ঠানের আমানত ফেরাতে প্রয়োজন ১ হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের জন্য ১ হাজার ১৬৬ কোটি ৮১ লাখ টাকা বরাদ্দের হিসাব করা হয়েছে। প্রভিডেন্ট ফান্ড ও কর্মচারী কল্যাণ তহবিলের জন্য প্রয়োজন ১৯০ কোটি ১৩ লাখ টাকা। ট্রাস্ট ফান্ডে ৪২ কোটি ৩৫ লাখ এবং সমবায় তহবিলে ৫০ কোটি ২৯ লাখ টাকা প্রয়োজন হবে।
চার প্রতিষ্ঠানের মধ্যে আভিভা ফাইন্যান্সের জন্য সর্বোচ্চ ৭৪৪ কোটি ৮১ লাখ টাকা প্রয়োজন। এর মধ্যে ব্যক্তি আমানত ৬৯১ কোটি ৮৬ লাখ টাকা। ট্রাস্ট ফান্ডের জন্য ২৯ কোটি ৬১ লাখ, প্রভিডেন্ট ফান্ডে ২০ কোটি ৯৯ লাখ এবং সমবায় তহবিলে দুই কোটি ৩৫ লাখ টাকা ধরা হয়েছে। ইন্টারন্যাশনাল লিজিংয়ের জন্য প্রয়োজন ৫৫০ কোটি ৫৩ লাখ টাকা। এর মধ্যে ব্যক্তি আমানত ৩৮৭ কোটি ২৪ লাখ এবং প্রভিডেন্ট ফান্ড ১৩৮ কোটি ৩৯ লাখ টাকা।
এ ছাড়া এফএএস ফাইন্যান্সের জন্য ৮৪ কোটি ৯০ লাখ এবং ফারইস্ট ফাইন্যান্সের জন্য ৬৯ কোটি ৩৪ লাখ টাকা প্রয়োজন হবে। এফএএস ফাইন্যান্সের ব্যক্তি আমানত বাবদ প্রয়োজন ৬৩ কোটি টাকা। ফারইস্ট ফাইন্যান্সের ক্ষেত্রে ব্যক্তি আমানত ২৪ কোটি ৭১ লাখ এবং সমবায় তহবিল ২৫ কোটি ৫৬ লাখ টাকা।
বাকি পাঁচ প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন হবে ১ হাজার ২৫৭ কোটি টাকা। এর মধ্যে পিপলস লিজিংয়ের আমানতকারীদের অর্থ ফেরাতে ৭১১ কোটি ৮৮ লাখ টাকা লাগবে। ব্যক্তি আমানতকারীদের পাওনা ৬১৭ কোটি ৮৪ লাখ টাকা। প্রভিডেন্ট ফান্ডের ৬৮ কোটি ২৯ লাখ, সমবায় তহবিলের ১৫ কোটি ৯২ লাখ এবং ট্রাস্ট ফান্ডের ৯ কোটি ৮৩ লাখ টাকা রয়েছে। আদালতের অনুকূল রায় পাওয়ার পর এ অর্থ বরাদ্দ চেয়ে পৃথক প্রস্তাব পাঠানো হবে।
তিন মাস সময় পাওয়া অপর চার প্রতিষ্ঠানের আমানত ফেরাতে ভবিষ্যতে ৫৪৫ কোটি ১৫ লাখ টাকা প্রয়োজন হতে পারে। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের জন্য ৪৪৭ কোটি ৮৭ লাখ টাকা ধরা হয়েছে। প্রভিডেন্ট ফান্ডের জন্য ৮১ কোটি ৭৩ লাখ এবং সমবায় তহবিলের জন্য ১৫ কোটি ৫৫ লাখ টাকা প্রাক্কলন করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাইম ফাইন্যান্সের জন্য ৩৭৬ কোটি ৭৪ লাখ টাকা প্রয়োজন হতে পারে। জিএসপি ফাইন্যান্সের জন্য ৫৮ কোটি ৮২ লাখ, প্রিমিয়ার লিজিংয়ের জন্য ৫৭ কোটি ৭২ লাখ এবং বিআইএফসির জন্য ৫১ কোটি ৮৭ লাখ টাকা লাগবে।
আপাতত চার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় অর্থ বাংলাদেশ ব্যাংকের ব্যাংক তহবিলে বরাদ্দ দিতে অর্থ বিভাগকে অনুরোধ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, অর্থ পাওয়া গেলে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা আমানতকারীদের দুর্ভোগ কমবে। পাশাপাশি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মানুষের আস্থা পুনরুদ্ধার সহজ হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, এসব প্রতিষ্ঠানের অধিকাংশ ঋণই নামে-বেনামে দেওয়া হয়েছে। ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত না থাকায় সম্পদ বা কার্যালয় বিক্রি করে উল্লেখযোগ্য অর্থ আদায়ের সুযোগ সীমিত। তবে ঋণ আদায় ও সম্পদ উদ্ধারে আইনি প্রক্রিয়া চলবে। ব্যক্তিগত আমানতকারীদের অর্থ ফেরত জরুরি হওয়ায় আপাতত সরকারের কাছে পুরো অর্থ চাওয়া হয়েছে। পরে ঋণ আদায় ও সম্পদ বিক্রি করে অর্থ পাওয়া গেলে তা সমন্বয় করা হবে।