![]()
২০০৫ সালে তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান–এর উদ্যোগে প্রতিষ্ঠিত বগুড়া শহিদ জিয়াউর রহমান শিশু হাসপাতালকে আধুনিক ও পূর্ণাঙ্গ শিশু চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) বগুড়া শহরের দত্তবাড়িতে অবস্থিত হাসপাতালের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরে প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি বিষয়টি নিশ্চিত করেন।
সভায় জানানো হয়, প্রতিষ্ঠার পর হাসপাতালটি শিশু চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বিভিন্ন সময়ে নানা প্রতিকূলতার কারণে এর কার্যক্রম ব্যাহত হয়েছে। বর্তমানে নতুন পরিচালনা কমিটি হাসপাতালটির অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং আধুনিক স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ শুরু করেছে।
হাসপাতালের পরিচালক আমিনুল হক দেওয়ান সজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পরিচালনা কমিটির উপদেষ্টা রেজাউল করিম বাদশা এবং অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য মো. মোশাররফ হোসেন এমপি, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বিএমএর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি বাদল সিদ্দিকী, ড্যাব বগুড়ার সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, সাধারণ সম্পাদক ডা. মো. ইউনুস আলী এবং মাফতুন আহমেদ খান রুবেলসহ সংশ্লিষ্টরা।
সভায় হাসপাতালের সার্বিক উন্নয়ন, শিশুস্বাস্থ্য সেবার মানোন্নয়ন এবং চিকিৎসা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শিশুদের জন্য অ্যাজমা ও হৃদরোগের বিশেষায়িত চিকিৎসাসেবা চালুর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, গত ২১ মে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় শহিদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের নতুন পরিচালনা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে।
পাঠকের মন্তব্য