
ইবি রিপোর্ট
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির পথে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক অস্থিরতা ও শাসনব্যবস্থার ধারাবাহিকতার অভাব। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও দেশে এখনো টেকসই শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। ঘনঘন রাজনৈতিক পরিবর্তনের কারণে উন্নয়নের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। প্রতিযোগিতায় বিজয়ী হয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটি দল।
অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, দেশে কার্যকর ও ধারাবাহিক গণতান্ত্রিক শাসনব্যবস্থা বজায় থাকলে উন্নয়নের বর্তমান অবস্থার চেয়ে আরও অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হতো। কিন্তু নির্দিষ্ট সময় পরপর রাজনৈতিক বিপর্যয় এবং শাসনব্যবস্থার পরিবর্তন ঘটলে অর্থনীতির স্বাভাবিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়।
তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়। এ লক্ষ্য অর্জনে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে সম্ভাবনায় রূপান্তর করার পাশাপাশি দেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এ জন্য দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠা করতে হবে অর্থনৈতিক সুশাসন।
রাজনৈতিক অস্থিরতার প্রভাব তুলে ধরে তিনি বলেন, বারবার রাজনৈতিক সংকট তৈরি হলে উদ্যোক্তাদের মধ্যে অনিশ্চয়তা বাড়ে। এর প্রভাব পড়ে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রমে। ফলে অর্থনীতির প্রত্যাশিত অগ্রগতি বাধাগ্রস্ত হয়। টেকসই শাসনব্যবস্থা নিশ্চিত করা গেলে এলডিসি উত্তরণের সম্ভাবনাগুলোও ভালোভাবে কাজে লাগানো সম্ভব হবে।
তৈরি পোশাক খাতের সাম্প্রতিক অস্থিতিশীলতা নিয়ে প্রশ্নের জবাবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, পোশাকশিল্পের সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে দেখতে হবে। এ খাতের মালিক ও শ্রমিক—দুই পক্ষই বিভিন্ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আলোচনার মাধ্যমে স্বচ্ছতা ও পারস্পরিক বোঝাপড়া তৈরি করা গেলে এসব সমস্যার সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, সব বিষয়ে স্বচ্ছতা থাকলে শ্রমিকেরাও বুঝতে পারবেন, শিল্পের স্থায়িত্ব তাদের নিজেদের স্বার্থের সঙ্গেও সম্পর্কিত। পোশাকশিল্প সংকটে পড়লে তার নেতিবাচক প্রভাব শ্রমিকদের ওপরও পড়বে।
সুস্থ বিতর্কের প্রয়োজনীয়তা তুলে ধরে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সমাজে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভাজন, বিরোধ ও মতপার্থক্য বাড়ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে শুধু নিজের মত প্রকাশ করলেই চলবে না, অন্য পক্ষের যুক্তিও মনোযোগ দিয়ে শুনতে হবে। সমাজকে আরও যুক্তিবাদী হতে হবে এবং ভিন্নমতসহ সবার মতামতকে যথাযথ মর্যাদা দিতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
পাঠকের মন্তব্য