![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশের বস্ত্রশিল্পে তুলার চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে সরাসরি আমদানির বিকল্প ক্রমেই গুরুত্ব পাচ্ছে। প্রচলিত সরবরাহব্যবস্থার তুলনায় প্রায় ৬ শতাংশ কম দামে তুলা দেওয়ার প্রস্তাব ঘিরে দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহ তৈরি হয়েছে। এরই মধ্যে চারটি প্রতিষ্ঠানে সরবরাহ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন তুলা সরবরাহকারী প্রতিষ্ঠান আমেরিবাংলা করপোরেশন।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আসওয়ার রহমান জানান, মধ্যস্বত্বভোগী নির্ভর প্রচলিত ব্যবস্থার পরিবর্তে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে সরাসরি তুলা সংগ্রহ করায় তুলনামূলক কম দামে পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে। এতে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান মার্কিন তুলা আমদানিতে আগ্রহ দেখাচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) ঢাকার একটি হোটেলে আমেরিবাংলা করপোরেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, এনভয় গ্রুপ, স্কয়ার ও রোজ গোল্ড করপোরেশনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র থেকে সরাসরি তুলা আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
আসওয়ার রহমানের ভাষ্য অনুযায়ী, ইতোমধ্যে বাংলাদেশের চারটি প্রতিষ্ঠানে তুলা সরবরাহের বিষয়টি নিশ্চিত হয়েছে। বর্তমানে পশ্চিম আফ্রিকার তুলার তুলনায় মার্কিন তুলার দাম বেশি প্রতিযোগিতামূলক। অদূর ভবিষ্যতে ব্রাজিলের তুলার সঙ্গেও দামের প্রতিযোগিতায় সক্ষম হওয়ার আশা করছে প্রতিষ্ঠানটি।
এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় ১৪০ টন মার্কিন তুলা সরবরাহ করেছে আমেরিবাংলা। আগামী বছর থেকে সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। আগামী দুই বছরের মধ্যে প্রতি মাসে ১ হাজার ৬০০ কনটেইনার বা প্রায় ৩২ হাজার টন তুলা সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
দেশে গুদাম ও বিতরণব্যবস্থা গড়ার পরিকল্পনা
বাংলাদেশে সরবরাহ কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে চট্টগ্রাম ও গাজীপুরের টঙ্গীতে দুটি গুদাম স্থাপনের উদ্যোগ নিয়েছে আমেরিবাংলা। এ বিষয়ে সম্ভাব্য অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি আনোয়ারায় গুদাম স্থাপনে সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি।
তুলার পাশাপাশি গুদামভিত্তিক বিতরণব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি গম ও সয়াবিন সরবরাহের পরিকল্পনাও রয়েছে তাদের।
প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বড় পরিসরে তুলা সরবরাহ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের সহায়তা কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে ব্রাজিলের তুলার সঙ্গে মার্কিন তুলার প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে চায় তারা।
২০২৪ সালের ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত আমেরিবাংলা ওই বছরের নভেম্বরে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটির দাবি, প্রচলিত ব্যবসায়ীভিত্তিক সরবরাহব্যবস্থা এড়িয়ে মার্কিন কৃষকদের কাছ থেকে সরাসরি বাংলাদেশের ক্রেতাদের কাছে তুলা বিক্রির ব্যবস্থা করেছে তারা।
এ ছাড়া কটনপোর্ট নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভাসমান নিলামব্যবস্থা চালু করেছে প্রতিষ্ঠানটি। এই ব্যবস্থায় মার্কিন তুলাবাহী চালান চট্টগ্রাম বন্দরের কাছাকাছি পৌঁছালে অনুমোদিত ক্রেতারা নিলামে অংশ নিয়ে তুলা কিনতে পারেন।
তুলার মান যাচাই ও কৌশলগত মজুতের প্রস্তাব
মার্কিন তুলার উৎস ও মান নিশ্চিত করতে ‘অল আমেরিকান কটন’ উদ্যোগের আওতায় পরীক্ষা ও সনদ দেওয়ার ব্যবস্থা চালু করেছে আমেরিবাংলা। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আইসোটোপ পরীক্ষাগার এবং কনটেইনারভিত্তিক তথ্য যাচাইয়ের মাধ্যমে তুলার উৎস শনাক্ত করা হয়।
পাশাপাশি ‘কটনল্যাব’ উদ্যোগের আওতায় যুক্তরাষ্ট্রের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলেছে তারা। এর লক্ষ্য মার্কিন তুলা ব্যবহার করে পোশাক ও বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন কাপড় উৎপাদনের কার্যক্রম বাংলাদেশে স্থানান্তর করা।
দেশের বস্ত্রশিল্পে দীর্ঘমেয়াদে তুলার সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কাছে কৌশলগত তুলার মজুত গড়ে তোলার প্রস্তাবও দিয়েছে প্রতিষ্ঠানটি।
আমেরিবাংলার তথ্য অনুযায়ী, বাংলাদেশ প্রতিবছর প্রায় ৪০০ কোটি ডলারের তুলা আমদানি করে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অংশ ১০ শতাংশেরও কম। দুই দেশের মধ্যে তুলা বাণিজ্য ১০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকার কাজ করছে।
পাঠকের মন্তব্য