![]()
ইবি রিপোর্ট
সরকারি ভবনের ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনে বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি করতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, বিনিয়োগকারীরা নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন ও পরিচালনা করবেন। বিনিময়ে উৎপাদিত বিদ্যুতের ১০ শতাংশ বিনামূল্যে পাবে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান। বাকি ৯০ শতাংশ বিদ্যুৎ বিক্রির সুযোগ থাকবে বিনিয়োগকারীদের।
বিদ্যুৎ বিভাগের তৈরি খসড়া নীতিমালার মূল উদ্দেশ্য হলো সরকারি তহবিলের ওপর চাপ না বাড়িয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো। এ পরিকল্পনার আওতায় ইতোমধ্যে সারা দেশে ৮ হাজার ২৩৬টি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, বেসরকারি বিনিয়োগকারীরা অপারেশনাল এক্সপেন্ডিচার বা ওপেক্স মডেলে নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন এবং ১৫ বছর ধরে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে আর্থিকভাবে সক্ষম সরকারি প্রতিষ্ঠানগুলো নিজস্ব অর্থায়নে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স মডেলেও প্রকল্প বাস্তবায়ন করতে পারবে।
সরকারি প্রতিষ্ঠানগুলো বিনামূল্যে পাওয়া ১০ শতাংশের বেশি বিদ্যুৎ ব্যবহার করলে অতিরিক্ত অংশের জন্য নির্ধারিত খুচরা ট্যারিফের ৮০ শতাংশ মূল্য পরিশোধ করতে হবে। তবে শিক্ষা, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান এবং নির্দিষ্ট শ্রেণির হাসপাতালের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৮ টাকা ৫০ পয়সা।
নীতিমালাটি গত ১২ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পর্যালোচনা করা হয়। চূড়ান্ত অনুমোদনের আগে সরকারি ক্রয় আইন, বিদ্যুৎ আইন ও ইনভেস্ট বাংলাদেশ আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তাবটি পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিনিয়োগকারীদের অংশগ্রহণ সহজ করতে তালিকাভুক্তির নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। ওপেক্স মডেলে সরকারি অর্থ ব্যয় না হওয়ায় প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় তালিকাভুক্ত প্রতিষ্ঠান থেকে সেবাদাতা নির্বাচন করার সুযোগ রাখার প্রস্তাব রয়েছে।
অন্যদিকে নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দরপত্রের আর্থিক সীমা ৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। ২৫ কিলোওয়াট-পিকের বেশি সক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থায় নির্ধারিত ক্ষমতার অন্তত ২০ শতাংশ সমপরিমাণ ব্যাটারি সংরক্ষণব্যবস্থা বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি রক্ষণাবেক্ষণের দীর্ঘমেয়াদি চুক্তির সুবিধার্থে ফ্রেমওয়ার্ক চুক্তির মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে ১৫ বছর করার প্রস্তাব করা হয়েছে।
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশল ২০২৬–২০৩০-এর আওতায় ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের উৎপাদন সক্ষমতা ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য অর্জনে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ করলে তিন বছরের জন্য প্রতি ইউনিটে ১০ টাকা ৫০ পয়সা প্রণোদনা দেওয়ার ঘোষণা রয়েছে।
তবে এই উদ্যোগ বাস্তবায়নে রক্ষণাবেক্ষণের বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা। জ্বালানি অর্থনীতিবিদ শফিকুল ইসলাম বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য ওপেক্স মডেল কার্যকর হতে পারে। তবে ১৫ বছর ধরে প্রকল্প পরিচালনার সক্ষমতা, দক্ষ জনবল এবং মানসম্মত সরঞ্জাম নিশ্চিত করতে হবে। তিনি সতর্ক করে বলেন, ধুলাবালির কারণে সৌরপ্যানেল নিয়মিত পরিষ্কার না করলে প্রতিবছর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৪ শতাংশ কমে যেতে পারে।
সরকারি অর্থায়নের ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর সম্ভাবনা তৈরি করেছে এই উদ্যোগ। তবে নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাই হবে প্রকল্পটির সফল বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ।
পাঠকের মন্তব্য