![]()
ইবি রিপোর্ট
বেনাপোল স্থলবন্দরের স্বাভাবিক কর্মপরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার দাবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, সন্ত্রাসবাদ এবং যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার হ্যান্ডেলিং শ্রমিক। বন্দরের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।
রোববার (২২ নভেম্বর) সকালে বেনাপোল স্থলবন্দর এলাকায় এ কর্মসূচি পালন করেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৮৯১ ও ৯২৫)-এর সদস্যরা। বন্দরের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন। পরে বন্দর সংলগ্ন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে।
এ সময় শ্রমিকদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো বন্দর এলাকা। দুই শ্রমিক ইউনিয়নের বিপুলসংখ্যক সদস্য স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেওয়ায় বিক্ষোভটি বড় ধরনের গণজমায়েতে পরিণত হয়।
মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে শ্রমিক নেতারা বলেন, বেনাপোল স্থলবন্দর কেবল একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, বরং দেশের অর্থনীতি এবং আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রবেশদ্বার। প্রতিদিন এই বন্দরের মাধ্যমে বিপুল পরিমাণ পণ্য আমদানি ও রপ্তানি করা হয়। তাই বন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
নেতারা আরও বলেন, কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বন্দরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হলে শ্রমিক সমাজ তা মেনে নেবে না। বন্দরের স্বার্থ রক্ষা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বন্দরের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপতৎপরতা সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। শ্রমিকদের নিরাপত্তা ও বন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সভাপতি তবিবার রহমান তবি ও সাধারণ সম্পাদক শহিদ আলী। এ ছাড়া (৮৯১) শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকছুদুর রহমান রেন্টু এবং সাধারণ সম্পাদক লিটন হোসেনও কর্মসূচিতে নেতৃত্ব দেন।
এ সময় দুই শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ হাজার হাজার হ্যান্ডেলিং শ্রমিক উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য