![]()
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭৭ জন।
রোববার (৩১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৪ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন। এর ফলে গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জন।
এদিকে, গত একদিনে ৫৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে ৯ হাজার ৪৯ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৮৮৬ জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২ হাজার ৮৪১ জন।
মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৯৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী হামের টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
পাঠকের মন্তব্য