![]()
ইবি রিপোর্ট
দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্যকে ক্রেতাদের সামনে তুলে ধরা, উদ্যোক্তাদের ব্যবসার পরিধি বাড়ানো এবং নতুন বাজারের সুযোগ তৈরির লক্ষ্যে আজ ঢাকায় শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। সাত দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলের ৪৫০টিরও বেশি প্রতিষ্ঠান নিজেদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এ মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক মেলার উদ্বোধন করবেন। কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম প্রসারিত করতে সরকার এ আয়োজন করেছে।
শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মেলার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, শিল্পায়ন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সিএমএসএমই খাতের অবদান রয়েছে। এ খাতকে এগিয়ে নিতে উদ্যোক্তাদের জন্য বাজারের সুযোগ বাড়ানো প্রয়োজন।
এবারের আয়োজনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রায় ৬০ শতাংশের মালিকানা অথবা পরিচালনার দায়িত্বে রয়েছেন নারী। মন্ত্রী জানান, দেশে প্রায় ১ কোটি ১৭ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। এসব প্রতিষ্ঠানে প্রায় ৩ কোটি ৬০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে, যা শিল্প-শ্রমশক্তির প্রায় ৮৫ শতাংশ। দেশের জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।
সিএমএসএমই উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ রাজধানীর বাইরে ব্যবসা পরিচালনা করেন। অন্যদিকে, এ খাতের উদ্যোক্তাদের প্রায় ৬৫ শতাংশ নারী।
মেলায় থাকবে দেশীয় বিভিন্ন শিল্পের পণ্য
মেলার স্টলগুলোতে জুতা, চামড়াজাত সামগ্রী, পাটের পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ভেষজ সামগ্রী, জুয়েলারি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের পণ্য পাওয়া যাবে। সরকারের ‘এক গ্রাম, এক পণ্য’ কর্মসূচির আওতায় থাকা উদ্যোক্তারাও নিজেদের উৎপাদিত সামগ্রী বিক্রি ও প্রদর্শনের সুযোগ পাবেন।
শিল্পমন্ত্রী জানান, মেলায় শুধু দেশীয় উৎপাদক এবং ক্ষুদ্র, মাইক্রো ও মাঝারি সেবা খাতের উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ থাকবে। আমদানি করা পণ্য কিংবা বিদেশি পণ্যের প্রদর্শনী ও বিক্রির অনুমতি দেওয়া হবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন। প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হবে না।
উদ্যোক্তা উন্নয়ন ও অর্থায়ন নিয়ে আয়োজন
মেলার অংশ হিসেবে তিনটি সেমিনার এবং একটি সংলাপ অনুষ্ঠিত হবে। সেখানে নতুন উদ্যোক্তা তৈরি, চাকরির সুযোগ বাড়ানো, সহজ শর্তে ঋণ, জলবায়ু-সহনশীল অর্থায়ন ও বিমা এবং এসএমই পণ্যের বাজার সুরক্ষা ও সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে।
এবার সাতটি মূল বিভাগ ও একটি বিশেষ বিভাগে মোট ৯ জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পুরুষ ও নারী উদ্যোক্তাদের মধ্য থেকে মাঝারি, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসার সেরা উদ্যোক্তাদের নির্বাচন করা হবে। পাশাপাশি সেরা স্টার্টআপ, পরিবেশবান্ধব এসএমই, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোগ ও বিশেষ উদ্যোক্তা বিভাগেও পুরস্কার থাকবে।
আগের ১২ মেলায় বিক্রি ৭২ কোটি টাকা
শিল্পমন্ত্রী জানান, এর আগে অনুষ্ঠিত ১২টি জাতীয় এসএমই পণ্য মেলায় প্রায় ৪ হাজার উদ্যোক্তা অংশ নিয়েছেন। এসব আয়োজন থেকে প্রায় ৭২ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীরা পেয়েছেন প্রায় ১০৯ কোটি টাকার ক্রয়াদেশ। এসব পরিসংখ্যান উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ তৈরিতে মেলার ভূমিকা তুলে ধরে।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৯৪টি আঞ্চলিক ও বিভাগীয় মেলায় প্রায় ৫ হাজার ১০০ উদ্যোক্তা অংশ নিয়েছেন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংস্থাটি প্রায় ২৫ লাখ উদ্যোক্তাকে সহায়তা করেছে, যাদের ৬০ শতাংশ নারী।
প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশন ৭২ জন উদ্যোক্তাকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দিয়েছে। তাদের মধ্যে ৩৭ জন নারী, ৩৩ জন পুরুষ এবং দুজন ট্রান্সজেন্ডার উদ্যোক্তা রয়েছেন।
মন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। এর সুপারিশে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতি-কৌশল প্রণয়ন করা হয় এবং পরবর্তী সময়ে ২০০৬ সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শিল্পসচিব আবদুন নাসের খান, এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা, উদ্যোক্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।