![]()
ইবি রিপোর্ট
দেশের তৈরি পোশাকশিল্পকে ঘিরে ষড়যন্ত্র ও উসকানিমূলক কর্মকাণ্ড চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, এ শিল্প ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়বেন শ্রমিকরা। তাদের মজুরি বাড়ানোর বিষয়টি রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। এ নিয়ে মালিক ও শ্রমিকদের আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো প্রয়োজন।
শনিবার রাজধানীর এফডিসিতে ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক ছায়া-সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। খবর বাসসের।
অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগের উপযোগী পরিবেশ তৈরি, দুর্নীতি ও অনিয়ম নিয়ন্ত্রণ, ব্যবসায়িক ব্যয় কমানো এবং প্রশাসনিক জটিলতা দূর করা প্রয়োজন। কার্যকর ও টেকসই শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা না গেলে দেশের সম্ভাবনাগুলো কাজে লাগানো কঠিন হবে। এজন্য দক্ষ প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে।
তিনি বলেন, বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর অস্থিরতা ও ষড়যন্ত্রের নানা আলোচনা চলতে থাকে। তবে রাষ্ট্রীয় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং আত্মবিশ্বাস থাকলে এসব তত্ত্ব মানুষের কাছে সহজে গ্রহণযোগ্যতা পায় না। পরিস্থিতি মোকাবিলায় গণতান্ত্রিক শাসনের ধারাবাহিকতা বজায় রেখে রাষ্ট্রের কার্যকর সক্ষমতা গড়ে তোলা প্রয়োজন।
অর্থনীতিবিদ আরও বলেন, বাংলাদেশের সামনে অর্থনৈতিক সমস্যার পাশাপাশি রাজনৈতিক চ্যালেঞ্জও রয়েছে। বারবার অস্থিরতা ও শাসনব্যবস্থার পরিবর্তনের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে একতরফা বাণিজ্য সুবিধার ওপর নির্ভরশীল থাকার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পরিবেশ তৈরির বিষয়টি অতীতে যথেষ্ট গুরুত্ব পায়নি।
এলডিসি উত্তরণের প্রস্তুতি হিসেবে দেশের উৎপাদনশীলতা বাড়ানো এবং বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী শিল্পব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে মালিক ও শ্রমিকদের আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানান।
উত্তরণের বাড়তি সময় কাজে লাগানোর পরামর্শ
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এলডিসি উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়ানোয় বাংলাদেশ আপাতত শুল্কমুক্ত সুবিধা হারানোর তাৎক্ষণিক চাপ থেকে কিছুটা স্বস্তি পেয়েছে। তবে এ সময় আত্মতুষ্টিতে না থেকে দেশের দুর্বলতাগুলো চিহ্নিত করে পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, নানা সীমাবদ্ধতার কারণে ব্যবসায়ীরা উত্তরণ-পরবর্তী পরিস্থিতির জন্য এখনো যথেষ্ট প্রস্তুতি নিতে পারেননি। বড় পোশাক কারখানাগুলো তুলনামূলকভাবে পরিস্থিতি সামাল দিতে পারলেও মাঝারি ও ছোট কারখানাগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ অপেক্ষা সম্ভাবনা বেশি’ শীর্ষক ছায়া-সংসদ বিতর্কে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিক দল।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জাকির হোসাইন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল, সাংবাদিক মো. আতিকুর রহমান ও সাংবাদিক তারিকুল ইসলাম মাসুম। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি, ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেওয়া হয়।