![]()
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে অতিরিক্ত সময় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার আওতায় ওভারটাইম ভাতা দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। এতে তাদের মনোবল বৃদ্ধি পাবে এবং সেবার মানও উন্নত হবে। ইন্সপেক্টর পদ থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত এ সুবিধা প্রযোজ্য হতে পারে বলে তিনি জানান।
আজ রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পুলিশ বাহিনীকে জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা অনুযায়ী তাদের যৌক্তিক দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দীর্ঘ চাকরিজীবনের পর অনেক কনস্টেবল অবসর নিলেও পদোন্নতির সুযোগ পান না। এ সমস্যা সমাধানে বিশেষ নীতিমালার মাধ্যমে সন্তোষজনক কর্মজীবন বিবেচনায় অবসরপ্রাপ্ত সদস্যদের অনারারি পদোন্নতির ব্যবস্থা রাখা হবে। এর মধ্যে কনস্টেবল থেকে সহকারী উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক থেকে উপপরিদর্শক এবং উপপরিদর্শক থেকে পরিদর্শক পদে সম্মানসূচক পদোন্নতির সুযোগ থাকতে পারে।
তিনি জানান, দীর্ঘ কর্মঘণ্টা ও চাপের কারণে পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা হবে। প্রয়োজনে নতুন উন্নত হাসপাতালও নির্মাণ করা হবে।
পুলিশের আবাসন সমস্যা সমাধান এবং বিভিন্ন ইউনিটের ভবন নির্মাণেও সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, গত দুই মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং এটি আরও উন্নত করতে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও বদলেছে। তাই পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন জরুরি। সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও অর্থপাচার রোধে নতুন আইন প্রণয়নের জন্য একটি কমিটি কাজ করছে।
মব সংস্কৃতি বন্ধে বিদ্যমান আইন সংশোধনের কথাও জানান তিনি। শেষে তিনি পুলিশ বাহিনীকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানান।
পাঠকের মন্তব্য