![]()
বেসরকারি খাতের BRAC Bank ২০২৫ সালে রেকর্ড আর্থিক সাফল্য অর্জন করেছে। ব্যাংকটি কর-পরবর্তী সম্মিলিত নিট মুনাফা করেছে ২,২৫১ কোটি টাকা, যা আগের বছরের ১,৪৩২ কোটি টাকার তুলনায় ৫৭ শতাংশ বেশি।
রোববার (২৬ এপ্রিল) পরিচালনা পর্ষদের সভা শেষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, একক ভিত্তিতেও ব্যাংকটির মুনাফা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালে একক নিট মুনাফা দাঁড়িয়েছে ১,৫৮১ কোটি টাকা, যা ২০২৪ সালের ১,২১৪ কোটি টাকার তুলনায় ৩০ শতাংশ বেশি।
এই শক্তিশালী আর্থিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। তবে এটি শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
ব্যাংকটি জানিয়েছে, চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক পরিবেশ সত্ত্বেও গ্রাহকদের আস্থা, সুশৃঙ্খল করপোরেট গভর্ন্যান্স এবং দক্ষ পোর্টফোলিও ব্যবস্থাপনার কারণে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ ও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন রাজস্ব বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এছাড়া শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোর মাধ্যমে ব্যাংকটি সম্পদের গুণগত মান বজায় রাখতে সক্ষম হয়েছে। কঠোর ঋণ অনুমোদন নীতি ও নিবিড় তদারকির ফলে খেলাপি ঋণের হার খাতের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলেও জানানো হয়েছে।
ব্যাংকটির মতে, দীর্ঘদিনের সুশাসন, নিয়ন্ত্রক নির্দেশনা মেনে চলা এবং মূল্যবোধনির্ভর ব্যাংকিং কার্যক্রমই তাদের এই ধারাবাহিক সাফল্যের মূল ভিত্তি, যা দেশের আর্থিক খাতে একটি মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
পাঠকের মন্তব্য