![]()
দেশের ইস্পাত শিল্পকে টিকিয়ে রাখতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে এই খাতের ওপর আরোপিত আয়কর, কাস্টমস শুল্ক ও ভ্যাট কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ)। সোমবার ঢাকার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির পক্ষ থেকে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়। তাদের মতে, গত বছরের বাজেটে অতিরিক্ত কর আরোপের ফলে শিল্পটি আরও চাপের মুখে পড়েছে।
বিএসএমএ-র সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, বৈদেশিক মুদ্রার সংকট, উচ্চ সুদহার, পরিচালন ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক অস্থিরতার কারণে ইস্পাত খাত ইতোমধ্যে কঠিন সময় পার করছে। এর সঙ্গে কর, শুল্ক ও ভ্যাট বৃদ্ধির চাপ যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সংগঠনটি কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর ৬০০ টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা নির্ধারণ, রড বিক্রিতে উৎসে কর ২ শতাংশ থেকে ১ শতাংশে নামিয়ে আনা এবং টার্নওভার কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি অগ্রিম আয়কর সমন্বয়ের সুযোগ দেওয়ার দাবিও জানানো হয়েছে।
কাস্টমস শুল্কের ক্ষেত্রেও তারা জানিয়েছে, পূর্বে প্রত্যাহার করা হলেও বর্তমানে আমদানিকৃত কাঁচামালের ওপর প্রতি মেট্রিক টনে ১,৮০০ টাকা ভ্যাট আরোপ করা হয়েছে, যা শিল্পের জন্য অতিরিক্ত বোঝা তৈরি করছে। তাই আসন্ন বাজেটে এসব কর-ভার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, রাজস্ব আহরণের চাপ থাকলেও ব্যবসায়ীদের যৌক্তিক প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। একই সঙ্গে তিনি এইচএস কোড সংক্রান্ত জটিলতা নিরসন এবং আমদানিকৃত পণ্যের মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়ার কথাও জানান।
পাঠকের মন্তব্য