![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার।
শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এ বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আশা করি, আগামী বছর যারা হজে যাবেন তাদের জন্য খরচ আরও কমাতে পারব। আমরা চেষ্টা করছি যেন হজযাত্রীরা কম কষ্টে এবং আরও ভালো ব্যবস্থাপনায় হজ পালন করতে পারেন।’
তিনি জানান, বর্তমান সরকার ১৮ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে, তবে হজ ব্যবস্থাপনার বেশিরভাগ প্রস্তুতি তার আগেই সম্পন্ন হয়েছিল। তবুও সরকার এ বছর প্রায় ১২ হাজার টাকা পর্যন্ত হজের খরচ কমাতে সক্ষম হয়েছে।
হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন। দেশের শান্তি ও মানুষের কল্যাণের জন্য দোয়া করবেন। আমি দোয়া করি, আপনারা সুস্থভাবে হজ সম্পন্ন করে দেশে ফিরবেন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে রাত ১২টা ২০ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর প্রথম ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরব-এর উদ্দেশে ছেড়ে যায়।
পাঠকের মন্তব্য