![]()
শুক্রবার বিকেলে ইরান হরমুজ প্রণালি সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত ঘোষণা করার পর রাতে শারজাহ বন্দরের কাছ থেকে নোঙর তোলে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। রাত ৯টার দিকে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর-এর উদ্দেশে যাত্রা শুরু করে। তবে যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের বাহিনী জাহাজটির গতি রোধ করে, ফলে এটি হরমুজ প্রণালি অতিক্রম করতে পারেনি।
নোঙর তোলার পর অন্যান্য বাণিজ্যিক জাহাজের মতোই ‘জয়যাত্রা’ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি-এর অনুমতি ছাড়াই প্রণালির দিকে অগ্রসর হয়। রাত ১১টা ৫০ মিনিটের দিকে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে। কিন্তু রাত সাড়ে ১২টার দিকে ইরানি নৌবাহিনী রেডিও বার্তার মাধ্যমে সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয় এবং জানায়, আইআরজিসির অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালি অতিক্রম করতে পারবে না।
বিষয়টি নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, অনুমতি চাওয়ার পর কোনো স্পষ্ট জবাব না পাওয়ায় তারা ধরে নিয়েছিলেন প্রণালিটি উন্মুক্ত করা হয়েছে। সে সময় প্রায় ৪০টি বাণিজ্যিক জাহাজ হরমুজের দিকে রওনা দেয় এবং ‘জয়যাত্রা’ও তাদের অনুসরণ করে। তিনি জানান, জাহাজটি যে গতিতে চলছিল, তাতে ভোর ৩টার মধ্যে হরমুজ অতিক্রম করে ওমান সাগরে পৌঁছানো সম্ভব ছিল। কিন্তু হঠাৎ ইরানি নৌবাহিনীর নির্দেশে যাত্রা বন্ধ হয়ে যায়।
এর আগে ইরান-সংঘাতের কারণে ৩১ জন নাবিকসহ প্রায় ৪০ দিন আটকে ছিল ‘বাংলার জয়যাত্রা’। গত ৮ এপ্রিল যুদ্ধবিরতির পর এটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে যাত্রা করে। ১০ এপ্রিল প্রণালির কাছাকাছি পৌঁছালেও ইরান সরকার তখনো পারাপারের অনুমতি না দেওয়ায় জাহাজটি ফিরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরে অবস্থান নেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিল।
পাঠকের মন্তব্য