![]()
ভারতের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২৯৪টির মধ্যে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার (১৭ মার্চ) কলকাতার কালীঘাটে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেন দলটির নেত্রী ও মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দার্জিলিংয়ের বাকি তিনটি আসন মিত্র দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার জন্য ছেড়ে দেওয়া হয়েছে।
প্রার্থী তালিকা ঘোষণার সময় বিজেপিকে কড়া সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা এবার ২২৬টি আসনে জয়ী হয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করব।’
গত নির্বাচনে তৃণমূল ২১৩টি ও বিজেপি ৭৭টি আসন পেয়েছিল। ২০২১ সালের নির্বাচনের ফলের চেয়েও এবার বিজেপির অবস্থান তলানিতে যাবে বলে তিনি দাবি করেন।
বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে নিজের জয়ের ব্যাপারে ব্যাপক আত্মবিশ্বাস ব্যক্ত করে মমতা বলেন, ‘বিজেপি কেন মেঘনাদের মতো মেঘের আড়ালে থেকে লড়াই করছে? সাহস থাকলে সামনে আসুন, প্রকাশ্যে লড়াই করুন। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কলকাঠি নাড়িয়ে কোনো লাভ হবে না।’
তিনি আরও বলেন, ‘বয়কট বিজেপি, নো ভোট টু বিজেপি। নির্বাচনের পর এই বিজেপির নেতা-কর্মীরাই পোস্টার লাগিয়ে ঘুরবেন যে “আমি বিজেপি করি না”।’
তৃণমূল নেত্রী আরও বলেন, ‘দিল্লি কা লাড্ডু জিতবে না, তাই তো ওরা ভয় পেয়েছে।’ এসআইআর, নোটবন্দী ও গ্যাসের সংকট তৈরি করার জবাব এবার বাংলার মানুষ দেবে বলে তিনি উল্লেখ করেন।
প্রার্থী তালিকায় অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন মুখ ও বিনোদন অঙ্গনের তারকাদের স্থান দেওয়া হয়েছে। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন গৌতম দেব, উদয়ন গুহ, সিদ্দিকুল্লা চৌধুরী, ফিরহাদ হাকিম, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তালিকায় আরও নাম রয়েছে মদন মিত্র, সওকাত মোল্লা, সব্যসাচী দত্ত, পরেশ চন্দ্র অধিকারী ও চন্দ্রনাথ সিংয়ের। বিনোদনজগৎ থেকে প্রার্থী হয়েছেন চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও লাভলি মৈত্র। এ ছাড়া কুণাল ঘোষ ও পবিত্র করকেও মনোনয়ন দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, এবার তৃণমূলের প্রার্থীদের মধ্যে ৫২ জন নারী, ৯৫ জন তপসিলি সম্প্রদায়ের এবং ৪৭ জন মুসলিম প্রার্থী রয়েছেন। বয়সের বিচারে প্রার্থীরা বেশ বৈচিত্র্যময়। ৩১ বছরের নিচে ৪ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩৮ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন ৮৮ জন। তালিকায় ৫১ থেকে ৬০ বছর বয়সী ৮৯ জন, ৬১ থেকে ৭০ বছরের ৪৭ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ২৩ জন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্যে ২ জন প্রবীণ নেতাকে প্রার্থী করা হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন বয়সের প্রার্থীদের সমন্বয়ে অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের ভারসাম্য রেখে নির্বাচনী লড়াইয়ে নামছে তৃণমূল।