![]()
ইবি রিপোর্ট
মাদকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে দেশের তরুণ এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সচেতনতা তৈরির পাশাপাশি কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, তরুণদের সম্ভাবনাময় জীবন রক্ষায় মাদকবিরোধী উদ্যোগে সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন।
বুধবার (৭ অক্টোবর) বঙ্গভবনে ঠাকুরগাঁও জেলার তরুণ মেধাবী শিক্ষার্থী ও পেশাজীবীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আহবান’-এর একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সংগঠনের আহ্বায়ক লুকমান শারীফ এবং সদস্য সচিব ডা. তাহমিদ আহমেদের নেতৃত্বে ৩৮ সদস্যের প্রতিনিধিদলটি সাক্ষাতে অংশ নেয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা না গেলে জাতির কাঙ্ক্ষিত অগ্রগতি বাধাগ্রস্ত হবে। মাদকের কারণে অনেক তরুণের সম্ভাবনাময় জীবন নষ্ট হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজও ক্ষতির মুখে পড়ছে বলে উল্লেখ করেন তিনি।
মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তরুণ প্রজন্মকে মাদকের বিরুদ্ধে সচেতন করার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এ কাজে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, একটি জনপদকে সমৃদ্ধ করতে হলে সেই এলাকার মানুষকে জাগিয়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং মানুষের কল্যাণে দেশের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় ‘আহবান’-এর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন রাষ্ট্রপতি। সংগঠনটির আয়োজনে ঠাকুরগাঁও স্কুলভিত্তিক সায়েন্স ফেস্ট, প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট, মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ এবং জেন-জি কার্নিভালসহ বিভিন্ন কার্যক্রমের কথাও তিনি তুলে ধরেন।
ঠাকুরগাঁও জেলার সার্বিক উন্নয়নে তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। জেলার অর্থনীতি ও কৃষির উন্নয়ন, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় তরুণ ও পেশাজীবীরা অবদান রাখতে পারেন বলে তিনি উল্লেখ করেন।
একই সঙ্গে মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান এবং জনগণের সরকারি সেবা পাওয়ার প্রক্রিয়া সহজ করতেও তরুণ ও পেশাজীবীদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে জানান রাষ্ট্রপতি।
ব্যক্তিগত, সামাজিক ও সাংগঠনিক জীবনে তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি।
সাক্ষাতে ‘আহবান’-এর সদস্যরা রাষ্ট্রপতিকে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন। ঠাকুরগাঁও জেলার উন্নয়ন ও জনকল্যাণে তাঁর ভূমিকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা। একই সঙ্গে সুন্দর, মানবিক, আলোকিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন প্রতিনিধিদলের সদস্যরা।
এ সময় সংগঠনের বিভিন্ন কার্যক্রমে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন প্রতিনিধিদলের সদস্যরা। জবাবে রাষ্ট্রপতি তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সংগঠনের সব সদস্যের মঙ্গল কামনা করেন।
পাঠকের মন্তব্য