
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট জানিয়েছেন, গত এক দশকে বাংলাদেশের শ্রমবাজারে প্রবেশ করা তরুণদের প্রায় অর্ধেকই চাকরি পাননি। তরুণীদের ক্ষেত্রে এই চ্যালেঞ্জ আরও বেশি।
বিবৃতিতে বলা হয়, প্রায় ১ কোটি ৪০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও কর্মসংস্থান তৈরি হয়েছে মাত্র ৮৭ লাখের মতো। ফলে একটি বড় অংশ কর্মহীন থেকে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির ওপর চাপ তৈরি করতে পারে।
তিনি সফরকালে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন, যেখানে উন্নয়ন অগ্রাধিকার, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা হয়। বিশ্বব্যাংক এ ক্ষেত্রে সহায়তা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে, বিশেষ করে যুব ও নারীদের কর্মসংস্থানে।
এছাড়া বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে এবং কর্মসংস্থান বাড়াতে কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ভৌত ও মানবিক অবকাঠামোতে বিনিয়োগ, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে।
পাঠকের মন্তব্য