![]()
ইবি রিপোর্ট
দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃত্যুর সংখ্যা ঢাকা ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশের হাম পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৮৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। এ বিভাগে সন্দেহজনক রোগীর সংখ্যা ৫২৬ জন। চট্টগ্রামে ১৮৩, সিলেটে ১৬৭, বরিশালে ১৩৮, খুলনায় ১০৭, ময়মনসিংহে ৯০, রাজশাহীতে ৩৯ এবং রংপুরে ৩৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।
একই সময়ে সন্দেহজনক হাম উপসর্গে মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগের তিনজন করে রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়া ৬৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ৪৩ জন এবং সিলেট বিভাগের ২৫ জন রয়েছেন। এ সময়ে নতুন করে ১ হাজার ২০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৩৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৩০০।
এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম উপসর্গে মোট ১ হাজার ২৫৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। অর্থাৎ সন্দেহজনক ও নিশ্চিত—দুই হিসাব আলাদাভাবে প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পাঠকের মন্তব্য