![]()
ইবি রিপোর্ট
গাজীপুরে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায়। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভে কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে গাজীপুরা এলাকায় পুলিশ বক্স ভাঙচুর করে সেখানে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতির কারণে অন্তত ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আটটা থেকে গাজীপুর নগরের নাওজোড়, কোনাবাড়ী, জরুন, মৌচাক ও তেলিরচালা এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একই সময়ে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি ও বাঘের বাজার এলাকাতেও শ্রমিকদের আন্দোলন ছড়িয়ে পড়ে। বিক্ষোভের কারণে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও পরিবহনচালকেরা দুর্ভোগে পড়েন।
কোনাবাড়ী এলাকার ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর সকালে উত্তেজনা তৈরি হয়। শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ইসলাম গার্মেন্টসসহ আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা লাঠিসোঁটা নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। অন্যদিকে মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। মৌচাক ও তেলিরচালা এলাকাতেও সকাল থেকে অবরোধ ও বিক্ষোভ চলে। এসব স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
দুপুর পৌনে ১২টার দিকে ভোগরা বাইপাস ও চৌরাস্তা এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভের একপর্যায়ে গাজীপুরা এলাকায় সড়কের ওপর থাকা পুলিশ বক্স ভাঙচুর করা হয়। পরে বক্সের চেয়ার-টেবিলসহ আশপাশ থেকে কাঠ এনে মহাসড়কে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন গণমাধ্যমকে বলেন, সকাল থেকে শ্রীপুর ও গাজীপুর নগরের কোনাবাড়ী, জরুনসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, শ্রমিকেরা পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে সড়কে ফেলে আগুন ধরিয়ে দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কের দুই পাশেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পাঠকের মন্তব্য