![]()
ইবি রিপোর্ট
গুম ও হত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যার অভিযোগ তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সামরিক কর্মকর্তাদের সাক্ষ্যে এসব হত্যার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। তাঁর দাবি, সাক্ষীদের বর্ণনায় বিভিন্ন সময়ে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার তথ্য উঠে এলেও তদন্তে প্রায় ১১৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। তাঁর বক্তব্য অনুযায়ী, বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন চালাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছেন জিয়াউল আহসান। শেখ হাসিনার চাহিদা অনুযায়ী তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ও তাঁর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের আশ্রয়-প্রশ্রয়ে জিয়াউল আহসান একের পর এক অপরাধ করেছেন বলে সাক্ষীদের জবানবন্দিতে উঠে এসেছে। তাঁর সহযোগী কমান্ডার সোহেল কয়েকজন সাংবাদিককে নিয়ে নৌপথে চরদুয়ানীসহ বিভিন্ন অভিযানে যেতেন। পরে ওই সাংবাদিকেরা নিজেদের মতো করে সংবাদ প্রকাশ করতেন এবং প্রকৃত ঘটনা আড়াল করতেন বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, মেজর সাব্বির ও মেজর দেলোয়ার হোসেনসহ অন্য সাক্ষীদের বক্তব্যেও জিয়াউল আহসানের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডের বিষয়টি উঠে এসেছে বলে জানান চিফ প্রসিকিউটর। তাঁর ভাষ্য, তৎকালীন সেনাপ্রধান নিজেও বলেছেন, জিয়াউল আহসান তাঁর নিয়ন্ত্রণে ছিলেন না।
আমিনুল ইসলাম আরও বলেন, নানা অভিযোগের পরও জিয়াউল আহসান পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন। সেনাবাহিনীর নিয়মিত দায়িত্বে না ফিরে তিনি দীর্ঘদিন র্যাবে কাজ করেন। এ সময় বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন করতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। তিনি জিয়াউল আহসানকে ‘ডিপ টেস্টের’ অন্যতম সদস্য হিসেবেও উল্লেখ করেন।
মামলাটিকে গুমের ঘটনায় বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে বিশেষ ঘটনা হিসেবে বর্ণনা করেন চিফ প্রসিকিউটর। তাঁর মতে, জিয়াউল আহসানের মামলার মধ্য দিয়েই গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম বিচার শুরু হয়েছে এবং এ মামলাতেই প্রথম যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে।
তিনি বলেন, এ মামলায় সামরিক কর্মকর্তাদের সাক্ষ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই এসব বিষয়ে সরাসরি জানতেন। এ কারণে তাঁদের মধ্য থেকে কয়েকজনকে আসামি না করে সাক্ষী করা হয়েছে। অপরাধের সহযোগীদের সাক্ষী করার বিধান দেশের ফৌজদারি বিচারব্যবস্থায় রয়েছে বলেও জানান তিনি।
পাঠকের মন্তব্য