![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
কয়েক দিনের দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বাড়লেও সেই স্বস্তি স্থায়ী হয়নি। গতকাল মূল্যবৃদ্ধির পর মঙ্গলবার আবারও কমেছে মূল্যবান এই ধাতুর দাম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার বাড়ানোর সম্ভাবনা এবং বিনিয়োগকারীদের নতুন হিসাব-নিকাশে স্বর্ণবাজারে অস্থিরতা তৈরি হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক দরপতন নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রচলিত অবস্থান নিয়েও নতুন আলোচনা তৈরি করেছে।
মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬১১ ডলার ৯৯ সেন্টে নেমেছে। এর আগের দিন টানা দরপতন থেকে ঘুরে দাঁড়িয়ে স্বর্ণের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ৩ হাজার ৬১৯ ডলার ১৫ সেন্টে পৌঁছেছিল। তবে সেই মূল্যবৃদ্ধির পরদিনই আবার দর কমেছে।
এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৯ শতাংশ কমে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। মার্চের পর এটিই ছিল ধাতুটির সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। ফলে এক দিনের মূল্যবৃদ্ধি বাজারে স্থায়ী পুনরুদ্ধারের আভাস দিতে পারেনি।
চলতি বছরের শুরুতে স্বর্ণের বাজারে ছিল ভিন্ন চিত্র। জানুয়ারিতে প্রতি আউন্সের দাম রেকর্ড ৫ হাজার ৫৯৫ ডলারে উঠেছিল। পরে তা কমতে কমতে একপর্যায়ে ৩ হাজার ৭৪২ ডলারে নেমে আসে। গত অক্টোবরের শুরুতে বিশ্ব শেয়ারবাজারের সূচক সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পরও স্বর্ণের দাম প্রায় ১০ শতাংশ কমেছিল। এমনকি প্রযুক্তি খাতের শেয়ারে দরপতনের সময়ও স্বর্ণের দাম না বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি হয়।
সাধারণত অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি কিংবা শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিলে বিনিয়োগকারীরা স্বর্ণ কেনার দিকে ঝোঁকেন। কারণ, দীর্ঘদিন ধরে ধাতুটিকে সম্পদের মূল্য ধরে রাখার একটি মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু সাম্প্রতিক বাজার পরিস্থিতিতে সেই ধারণা নিয়ে প্রশ্ন উঠছে। কিছু বিনিয়োগ ব্যবস্থাপকের মতে, শেয়ারবাজারের ঝুঁকি সামাল দিতে স্বর্ণ আগের মতো কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
বিনিয়োগ প্রতিষ্ঠান নাইনটি ওয়ানের পোর্টফোলিও ব্যবস্থাপক জর্জ চেভেলির মতে, স্বর্ণ এখন নিরাপদ সম্পদের পরিবর্তে অন্যান্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মতো আচরণ করছে। বিএমওর ব্যবস্থাপনা পরিচালক ও পণ্য বিশ্লেষক হেলেন আমোসও শেয়ার পোর্টফোলিওতে বৈচিত্র্য আনার ক্ষেত্রে স্বর্ণের কার্যকারিতা নিয়ে তহবিল ব্যবস্থাপকদের সন্দেহের কথা জানিয়েছেন।
অন্যদিকে, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বাজার কৌশলবিদ জন রিড সাম্প্রতিক দরপতনের জন্য পশ্চিমা বিশ্বের স্বল্পমেয়াদি ও ঋণনির্ভর বিনিয়োগকারীদের দায়ী করেছেন। তার মতে, স্বর্ণের দাম দ্রুত বাড়লে এসব বিনিয়োগকারী বাজারে প্রবেশ করেন। আবার পরিস্থিতি বদলালে দ্রুত বিনিয়োগ তুলে নেন। ব্রোকারেজ প্রতিষ্ঠান পিল হান্টের বিশ্লেষকেরাও বড় দরপতনের সময় বিনিয়োগকারীদের অবস্থান গুটিয়ে নেওয়া এবং বাজারে আস্থা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন।
স্বর্ণের দামের ওপর চাপ তৈরির আরেকটি কারণ যুক্তরাষ্ট্রের সুদহার নিয়ে অনিশ্চয়তা। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করেছেন, মূল্যস্ফীতির তথ্য বিবেচনায় না নিয়ে ফেড সুদহার অতিরিক্ত বাড়ালে তা নীতিগত ভুল হতে পারে। তবে সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের বৈঠকে ফেড ২৫ ভিত্তি পয়েন্ট সুদহার বাড়াতে পারে বলে বাজারে ৯৩ দশমিক ৫ শতাংশ সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগ ব্যয় মূল্যসূচক বা পিসিইর দিকে। বুধবার প্রকাশিত হওয়ার কথা থাকা এ সূচককে মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয় ফেড। নতুন তথ্যের ওপর নির্ভর করে কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী সুদহার সিদ্ধান্ত সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।
সুদহার বাড়লে সাধারণত স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। কারণ, স্বর্ণ থেকে কোনো সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না। অন্যদিকে সুদ পাওয়া যায় এমন সম্পদে বিনিয়োগের সুযোগ বাড়লে স্বর্ণের তুলনামূলক আকর্ষণ কমে যায়। এর পাশাপাশি ডলারের বিনিময় হার শক্তিশালী হলেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওপর চাপ তৈরি হয়।
সূত্র: রয়টার্স, ফাইন্যান্সিয়াল টাইমস ও আনাদোলু।
পাঠকের মন্তব্য