![]()
ইবি রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬১টি কোম্পানির ভবিষ্যৎ ব্যবসা পরিচালনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বশেষ তালিকায় এসব প্রতিষ্ঠানকে ‘গোয়িং কনসার্ন’ বা ব্যবসার ধারাবাহিকতা-সংক্রান্ত ঝুঁকিতে থাকা কোম্পানি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৬০টি কোম্পানির মধ্যে এ সংখ্যা প্রায় ১৭ শতাংশ। গত এপ্রিলেও এ ধরনের কোম্পানি ছিল ৩৭টি। সাত মাসে ঝুঁকির তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আরও ২৪টি প্রতিষ্ঠান। এর মধ্যে ১৯টির কার্যক্রম বন্ধ রয়েছে।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত ‘লিস্ট অব কোম্পানিজ হ্যাভিং গোয়িং কনসার্ন থ্রেট’ শীর্ষক তালিকাটি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকদের পর্যবেক্ষণের ভিত্তিতে তৈরি। সর্বশেষ তালিকায় নতুন করে ১১টি কোম্পানি যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ফিনিক্স ফাইন্যান্স, বে লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, ইসলামী ফাইন্যান্স, রিং শাইন টেক্সটাইল, প্যাসিফিক ডেনিম, অ্যাটলাস বাংলাদেশ, রেনউইক যজ্ঞেশ্বর ও পদ্মা লাইফ ইন্স্যুরেন্স। আগের তালিকা থেকে বাদ পড়েছে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস।
ডিএসইর বন্ধ বা অকার্যকর কোম্পানির তালিকার সঙ্গে ব্যবসার ধারাবাহিকতা-সংক্রান্ত ঝুঁকির তালিকা মিলিয়ে দেখা গেছে, দুই তালিকাতেই রয়েছে ১৯টি প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে রয়েছে আরামিট সিমেন্ট, আজিজ পাইপস, বারাকা পাওয়ার, দুলামিয়া কটন, জিবিবি পাওয়ার, খুলনা পাওয়ার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট, মেট্রো স্পিনিং, মিথুন নিটিং, প্যাসিফিক ডেনিম, প্রাইম টেক্সটাইল, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, শ্যামপুর সুগার, স্ট্যান্ডার্ড সিরামিক, টুং হাই নিটিং, উসমানিয়া গ্লাস ও জাহিন স্পিনিং।
তবে কোনো কোম্পানির কার্যক্রম বন্ধ থাকা এবং নিরীক্ষকের প্রতিবেদনে ব্যবসার ধারাবাহিকতা নিয়ে সংশয় প্রকাশ এক বিষয় নয়। দুটি তালিকা ভিন্ন মানদণ্ডে তৈরি। ডিএসইর চিহ্নিত ৩৭টি বন্ধ কোম্পানির মধ্যে ১৯টির নামই কেবল গোয়িং কনসার্নের তালিকায় রয়েছে।
নিরীক্ষা প্রতিবেদনে ‘গোয়িং কনসার্ন’ নিয়ে সংশয় প্রকাশের অর্থ হলো, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে স্বাভাবিক ব্যবসা চালিয়ে যেতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। একই সঙ্গে আর্থিক দায় পরিশোধের সক্ষমতা নিয়েও প্রশ্ন তৈরি হতে পারে। ধারাবাহিক লোকসান, অতিরিক্ত ঋণ, পরিচালন কার্যক্রমে ঋণাত্মক নগদ প্রবাহ, তারল্য সংকট কিংবা উৎপাদন ব্যাহত হওয়ার মতো পরিস্থিতিতে নিরীক্ষকেরা এমন পর্যবেক্ষণ দিতে পারেন। তবে এ ধরনের পর্যবেক্ষণ মানেই কোম্পানিটি দেউলিয়া হয়ে গেছে বা শিগগিরই বন্ধ হয়ে যাবে, এমন নয়।
ডিএসইর নিরীক্ষা-সংক্রান্ত প্রকাশনায় ‘ম্যাটেরিয়াল আনসার্টেনটি রিলেটেড টু গোয়িং কনসার্ন’, ‘কোয়ালিফায়েড ওপিনিয়ন’, ‘এমফাসিস অব ম্যাটার’ ও ‘অ্যাডভার্স ওপিনিয়ন’-এর মতো বিভিন্ন ধরনের নিরীক্ষা মতামত ও পর্যবেক্ষণ রয়েছে। এগুলোর অর্থ ও আর্থিক বিবরণীর ওপর প্রভাব এক নয়।
বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটির আর্থিক দুর্বলতার চিত্র উঠে এসেছে। নিরীক্ষক পিনাকি অ্যান্ড কোম্পানির পর্যবেক্ষণ অনুযায়ী, কোম্পানিটির মোট দায় সম্পদের পরিমাণ ছাড়িয়ে গেছে। একই সময়ে এর ঋণাত্মক রিটেইনড আর্নিংস ছিল ৫৬৯ কোটি টাকা। পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহও ছিল ঋণাত্মক ৩২ কোটি টাকা।
অন্যদিকে অলটেক্স ইন্ডাস্ট্রিজের স্থাপিত উৎপাদন সক্ষমতার মাত্র ২ দশমিক ১ শতাংশ ব্যবহৃত হচ্ছে বলে নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কোম্পানিটির ঋণাত্মক রিটেইনড আর্নিংস প্রায় ৮৫ কোটি টাকা এবং ব্যাংকঋণ প্রায় ৩১২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনার আওতায় ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক ও সোনালী ব্যাংকে থাকা ঋণ পুনঃতপশিল করা হয়েছে। প্রতিষ্ঠানটির নিরীক্ষা প্রতিবেদনে ‘কোয়ালিফায়েড ওপিনিয়ন’ ও ‘এমফাসিস অব ম্যাটার’ উল্লেখ রয়েছে।
ঝুঁকির তালিকায় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংকও রয়েছে। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা তিনটি ব্যাংক—সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক—এ তালিকায় রয়েছে। ব্যাংকগুলোর শেয়ার লেনদেন বর্তমানে স্থগিত। তবে এক্সিম ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের নাম তালিকায় নেই। ফিনিক্স ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল ও ইসলামী ফাইন্যান্সের মতো আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও খেলাপি ঋণ, তারল্য সংকট এবং দায় পরিশোধের সক্ষমতা নিয়ে উদ্বেগ রয়েছে।
ঝুঁকির তালিকায় থাকা কয়েকটি কোম্পানি আবার ২০২৫-২৬ অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা বা সুপারিশ করেছে। অলটেক্স ইন্ডাস্ট্রিজ ১ শতাংশ নগদ লভ্যাংশের প্রস্তাব করেছে। ড্যাফোডিল কম্পিউটার্স ঘোষণা করেছে ১০ শতাংশ লভ্যাংশ। এ ছাড়া দুলামিয়া কটন ১ শতাংশ, জিবিবি পাওয়ার শূন্য দশমিক ৫০ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ শূন্য দশমিক ২৫ শতাংশ, খুলনা পাওয়ার ৭ দশমিক ৫০ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইল ৫ শতাংশ লভ্যাংশ সুপারিশ করেছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা গণমাধ্যমকে বলছেন, আর্থিক সংকটে থাকা কোম্পানিগুলোর বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি বাড়ানো প্রয়োজন। তাদের মতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উচিত কোম্পানিগুলোর কাছ থেকে নিয়মিত ও পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ নিশ্চিত করা। দীর্ঘদিন বন্ধ থাকা কিংবা বারবার নিয়ন্ত্রক সংস্থার শর্ত ভঙ্গ করা প্রতিষ্ঠানগুলোকে তালিকাচ্যুত করার বিষয়টিও বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
ডিএসইর এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বন্ধ বা আর্থিক সংকটে থাকা কোম্পানিগুলো সম্পর্কে বিনিয়োগকারীদের হালনাগাদ তথ্য দিতে পৃথক তালিকা প্রকাশ করা হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় তথ্যপ্রাপ্তি সহজ করা, বাজার কারসাজি নিয়ন্ত্রণ এবং নজরদারি বাড়ানোর কাজ করছে ডিএসই।
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ও পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ গণমাধ্যমকে বলেন, ডিএসই নিজ উদ্যোগে এসব কোম্পানির বিষয়ে সতর্কবার্তা দিয়েছে, যা ইতিবাচক। তবে কিছু বিনিয়োগকারী ঝুঁকির বিষয়টি জানার পরও এসব শেয়ার কিনছেন। বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হলে এর দায় তাঁদেরই নিতে হবে বলে মনে করেন তিনি। তাঁর মতে, ঋণ বা মার্জিন ঋণ ছাড়া কোনো বিনিয়োগকারী নিজের অর্থে এসব শেয়ার কিনতে চাইলে তাঁকে বাধা দেওয়ার সুযোগ নেই।
পাঠকের মন্তব্য