![]()
ইবি স্পোর্টস ডেস্ক
করোনাভাইরাস মহামারির সময় ক্রিকেট বলে লালা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মহামারি শেষ হলেও নিয়মটি বহাল রয়েছে। সম্প্রতি এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিল। তবে আপাতত নিয়ম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে আইসিসি।
সংবাদ সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, বলে লালা ব্যবহারের অনুমতি ফিরিয়ে আনার বিষয়ে আইসিসির তাৎক্ষণিক কোনো উদ্যোগ নেই। সংস্থাটি লালা ব্যবহারকে বলের অবস্থা পরিবর্তনের অন্যায্য পদ্ধতির মতোই বিবেচনা করছে। আইসিসির মতে, মিষ্টি, চুইংগাম কিংবা মিন্টের সঙ্গে লালা মিশিয়ে বলের আকৃতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব। এ ধরনের ব্যবহার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করাও কঠিন।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২০২০ সালে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বলে লালা ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি। ২০২২ সালে সেই নিষেধাজ্ঞা স্থায়ী করা হয়। এর আগে পেস বোলাররা পুরোনো বলের এক পাশ চকচকে রাখতে লালা ব্যবহার করতেন। এতে বলের দুই পাশের অবস্থার পার্থক্য বজায় থাকত, যা রিভার্স সুইং বা লেট সুইং পেতে সহায়তা করত।
সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ড্রয়ের পর বিষয়টি নিয়ে কথা বলেন গিল। ম্যাচের শেষ দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল আটটি উইকেট। মধ্যাহ্নবিরতির আগে ও পরে তিনটি উইকেট নিতে সক্ষম হলেও গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেলের জুটির কারণে জয় পায়নি ভারত। ম্যাচ শেষে বল ও পিচের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন ভারতীয় অধিনায়ক।
গিলের মতে, ম্যাচের ফল নির্ধারণে বলের ভূমিকা অনেক। নিউজিল্যান্ডে ব্যবহৃত কুকাবুরা বল ২৫ থেকে ৩০ ওভারের মধ্যেই নরম হয়ে গিয়েছিল বলে দাবি করেন তিনি। এ সমস্যা শুধু নিউজিল্যান্ডেই নয়, ইংল্যান্ডেও দেখা গেছে বলে জানান ভারতীয় অধিনায়ক। গত বছর ইংল্যান্ড সফরের প্রথম তিন-চার ম্যাচে ডিউক বলও দ্রুত নরম হয়ে যাওয়ার কথা উল্লেখ করেন তিনি।
বলগুলোর মান নিয়ে প্রশ্ন তুলে গিল বলেন, সমস্যাটি বলের মানের কারণে হচ্ছে, নাকি অন্য কোনো কারণে—তা তিনি নিশ্চিত নন। তবে বল চকচকে রাখার জন্য লালা ব্যবহারের অনুমতি ফিরিয়ে দেওয়ার পক্ষে মত দেন তিনি।
গিলের ভাষ্য, করোনাকালের নিষেধাজ্ঞা এখনো বহাল রাখার যৌক্তিকতা তিনি বুঝতে পারছেন না। তাঁর মতে, খেলোয়াড়দের আবারও বল পালিশ করার জন্য লালা ব্যবহারের সুযোগ দেওয়া উচিত।
পাঠকের মন্তব্য