![]()
ইবি রিপোর্ট
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। নভেম্বরের প্রথম ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানায় উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে এসব কারখানার নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন ক্রেতারা, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। রোববার (২২ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জরিপের ফলাফল প্রকাশ করে সংগঠনটি।
বিজিএমইএ জানায়, তৈরি পোশাকশিল্পে চলমান পরিস্থিতির কারণে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র জানতে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরিপ চালানো হয়েছে। এতে ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত কারখানাগুলোর উৎপাদন ও ব্যবসায়িক ক্ষতির প্রাথমিক হিসাব পাওয়া যায়।
জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার তথ্য অনুযায়ী, বিভিন্ন অস্থিতিশীলতা ও প্রতিবন্ধকতার কারণে কারখানাগুলোকে সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। এতে উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন ডলার। রপ্তানির এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য বিবেচনায় এ ক্ষতির হিসাব করা হয়েছে।
উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো পণ্য সরবরাহ করতে পারছেন না অনেক কারখানা। ফলে অধিকাংশ রপ্তানি আদেশ ঝুঁকির মধ্যে পড়েছে। ক্রেতাদের ক্রয়াদেশ ধরে রাখতে কারখানাগুলোকে অতিরিক্ত খরচ করে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। একই সঙ্গে দিতে হচ্ছে বড় অঙ্কের মূল্যছাড়। কিছু ক্ষেত্রে ক্রয়াদেশ বাতিল হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
জরিপে অংশ নেওয়া কারখানাগুলো জানিয়েছে, চলমান পরিস্থিতির কারণে ক্রেতারা ইতোমধ্যে তাদের নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব পণ্যের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।
বিজিএমইএর মতে, ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তরের ঘটনা বাংলাদেশের পোশাকশিল্পের প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাবের প্রতিফলন।
প্রকৃত ক্ষতি আরও বাড়তে পারে
বিজিএমইএ মনে করছে, জরিপে উঠে আসা ক্ষতির পরিমাণ সামগ্রিক লোকসানের একটি অংশ মাত্র। সংগঠনটির হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। তবে স্বল্প সময়ের জরিপে তথ্য দিয়েছে মাত্র ৩১৭টি কারখানা। ফলে সব ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের লোকসান এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি।
এ ছাড়া জরিপের ক্ষয়ক্ষতি নিরূপণের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। তাই সামগ্রিক ক্ষতির পরিমাণ প্রকাশিত হিসাবের চেয়ে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংগঠনটি।
বিজিএমইএ বলছে, এই সংকট শুধু তাৎক্ষণিক আর্থিক লোকসানের মধ্যে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘদিনের ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। অন্য দেশে বিপুল পরিমাণ ক্রয়াদেশ স্থানান্তরের ঘটনা শিল্পটির ওপর তৈরি হওয়া চাপের প্রতিফলন।
সংগঠনটি আরও জানায়, দেশের অর্থনীতি ও লাখ লাখ পোশাকশ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত এই সংকট কাটিয়ে ওঠা প্রয়োজন। উৎপাদন ও সরবরাহব্যবস্থা সচল রাখা এবং ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেছে বিজিএমইএ।