![]()
ইবি রিপোর্ট
জননিরাপত্তা নিশ্চিত করা এবং মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতের নির্দিষ্ট সময়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে।
শনিবার (২১ নভেম্বর) এসএমপির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, প্রতিদিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ছয় ঘণ্টা মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিধিনিষেধ বহাল থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হলে চালকের সঙ্গে থাকতে হবে যানবাহনের হালনাগাদ কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স।
মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মোটরসাইকেল চালকদের নতুন নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে এসএমপি।
পাঠকের মন্তব্য