![]()
ইবি রিপোর্ট
পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কয়েক দিনের দফায় দফায় সংঘর্ষের পরও উত্তেজনা কাটেনি। সংঘর্ষ থেমে গেলেও রোববার (২২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার কয়েকটি এলাকায় দুই পক্ষের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান ঘিরে নতুন করে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং বন্ধ রয়েছে বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে বেড়া পৌরসভার সম্ভপুর ও পায়না মহল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা জড়ো হন। অন্যদিকে, হাতিগাড়া এলাকায় অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি অবস্থিত এসব এলাকায় দুই পক্ষের অবস্থান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষ এড়াতে উভয় পক্ষের মাঝামাঝি অবস্থান নেয় পুলিশ।
গত দিনের সংঘর্ষের প্রভাবও কাটেনি পৌর এলাকায়। বেড়া পৌর সদর ও পায়না মহল্লায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে ভীতি থাকায় অনেকে ঘটনার বিষয়ে কথা বলতে চাইছেন না। বিভিন্ন স্থানে সংঘর্ষের সময় ব্যবহৃত ইটপাটকেল পড়ে থাকতে দেখা গেছে। আতঙ্কের কারণে ওই এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনেও নিরাপত্তার কারণে গাছের ডাল, বাঁশ ও টিন দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা টহল দিয়েছেন। তবে সংঘর্ষের ঘটনায় ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করতে পারেনি পুলিশ ও প্রশাসন।
এদিকে, পৌরসভার ডাকবাংলা বাজারের অধিকাংশ দোকান বন্ধ থাকলেও বেড়া পৌর বাজারের কিছু দোকানপাট খুলেছে। তবে আতঙ্কের কারণে বাজারে ক্রেতা ও সাধারণ মানুষের উপস্থিতি কম।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সম্ভপুর ও পায়না মহল্লার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান করেন এবং বিক্ষোভ করেন। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে সংঘর্ষ শুরু হয়। একই দিনে বৃশালিখা মহল্লায়ও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে সাবেক ডেপুটি স্পিকার ও আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িও রয়েছে।
এরপর শুক্রবার সম্ভপুর ও পায়না মহল্লার আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পাশের হাতিগাড়া এলাকার বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এর ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে ওই দিন স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির স্থানীয় নেতারা বৈঠক করেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা।
বৈঠক শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি দেখতে গেলে পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয় কয়েকজন ক্ষোভ জানান। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে এক সংবাদকর্মী লাঞ্ছিত হন এবং তার ক্যামেরা ভাঙচুর করা হয়। পরে বৃশালিখা মহল্লায় শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষ বাধে। তা আশপাশের কয়েকটি মহল্লায় ছড়িয়ে পড়ে। শনিবারের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে, গত তিন দিনের সংঘর্ষের পর শনিবার রাতে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করে রাজশাহী রিজার্ভ রেঞ্জে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে। নতুন ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফা। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।
নতুন ওসি গোলাম মোস্তফা বলেন, ‘সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। কিছু কিছু এলাকায় লোকজন জড়ো হলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। পরিস্থিতির আর অবনতি হবে না।’
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ড চাকমা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশ প্রশাসন দেখছে এবং উপজেলা প্রশাসনও বিষয়টি পর্যবেক্ষণ করছে। বিভিন্ন এলাকা পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। আহত ব্যক্তি এবং ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। তবে আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি নতুন করে সংঘর্ষ এড়াতে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।
পাঠকের মন্তব্য