![]()
ইবি রিপোর্ট
আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচি থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে পাড়া-মহল্লায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
রোববার (২২ নভেম্বর) বিকেলে যশোরের মনিহার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনার গুন্ডা বাহিনী গোপালগঞ্জে সাধারণ মানুষের বাড়িঘর ও থানা লুটপাট করেছে। এ ছাড়া তিনজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটিয়েছে। তাদের বক্তব্য, মানুষের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ কিংবা বোমা বিস্ফোরণ ঘটিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সম্ভব হবে না।
বক্তারা আরও বলেন, বিগত ১৭ বছর ধরে যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ত্রাস ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের অভিযোগ, ওই সময়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা এখনো প্রকাশ্যে চলাফেরা করছে। এ অবস্থায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অবিলম্বে আটক করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে এলাকার পাড়া-মহল্লায় সবাইকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেন নেতারা। তারা বলেন, সন্ত্রাসীদের সঙ্গে কোনো ধরনের বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে না। কেউ এলাকায় উঁকি দেওয়ার চেষ্টা করলে তাদের প্রতিহত করতে হবে। সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দেওয়ারও আহ্বান জানান বক্তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা।
এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
পাঠকের মন্তব্য